উন্নয়ন পরিকল্পনায় তারেক রহমান যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করবে: ড. মঈন খান

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ন, ২৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:৫৫ অপরাহ্ন, ২৩ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

উন্নয়ন পরিকল্পনায় তারেক রহমান যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করবে এবং এ দেশকে বাঁচিয়ে রাখতে হলে যুবকদের যথাযোগ্য প্রশিক্ষণের মাধ্যমে সুযোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সেই উদ্দেশ্যে যুবকদের গড়ে তুলতে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ, মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

আজ সোমবার (২৭ অক্টোবর) বিকেলে নরসিংদীর পলাশে উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে পলাশ উপজেলা যুবদলের আহ্বায়ক নিছার আহমেদ খানের সভাপতিত্বে ও যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: জাইমা রহমান চেলসি নারী দলের গোলকিপারের সুযোগ পেয়েছিলেন : ক্রীড়া প্রতিমন্ত্রী

ড. মঈন খান বলেন, বিএনপির ৩১ দফায় যুবকদের উন্নয়নের জন্য আমরা যথাযথ প্রতিশ্রুতি দিয়েছি। ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় তারেক রহমান যুব সমাজকে যথাযোগ্য প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করবে। দেশ ও দেশের বাইরে, যেখানে পশ্চিমা বিশ্বে যুবকের প্রয়োজন রয়েছে, সেখানে তাদের পাঠালে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে। তখন তারা নিজের ও দেশের কল্যাণ সাধন করতে পারবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ বিএনপিকে নিশ্চিহ্ন করতে গিয়ে নিজেরাই নিশ্চিহ্ন হওয়ার পথে। বিগত ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এক লাখের বেশি মিথ্যা গায়েবী মামলা দেওয়া হয়েছে। দেশের এমন কোনো এলাকা নেই যেখানে বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে স্বৈরাচারী আওয়ামী লীগ মিথ্যা মামলা দিয়ে অত্যাচার ও জুলুম করে নি। আওয়ামী লীগ চেয়েছিল নেতাকর্মীদের উপর জেলজুলুম এবং নির্যাতন চালিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করে দিতে। কিন্তু তাদের সেই অন্যায় অত্যাচারে বিএনপি নিশ্চিহ্ন হয়নি বরং এখন আওয়ামী লীগ নিশ্চিহ্ন হওয়ার পথে।

আরও পড়ুন: রাঙ্গুনিয়ায় বিএনপি নেতার বাড়িতে সশস্ত্র হামলা, গুলিবিদ্ধ ওসমান গনি

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে ড. মঈন খান বলেন, আজকে অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছে তা বিএনপি তিন বছর আগেই শুরু করেছে। দেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোকে নিয়ে এ বিষয়ে ঐক্যমত হয়ে ৩১ দফার সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। বিএনপি সেই সংস্কারে প্রতিজ্ঞাবদ্ধ। তাই বিএনপিকে সংস্কার শিখাতে হবে না।

পলাশ উপজেলা যুবদলের আহ্বায়ক নিছার আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি এম এ সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, সহ-সভাপতি আওলাদ হোসেন জনি, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, পলাশ উপজেলা যুবদলের সদস্য সচিব বখতিয়ার হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক মোমেন প্রমুখ।