খুলনায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি কর্মী নিহত
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে এমদাদুল হক (৫৫) নামে স্থানীয় এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মামুন শেখ (৪৫) নামে অপর এক বিএনপি নেতা। রোববার (২ নভেম্বর) রাত ৯টার দিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আইটি গেটসংলগ্ন বিএনপির স্থানীয় কার্যালয়ে বোমা হামলা ও গুলির এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মামুন শেখ খানজাহান আলী থানার যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: কুলাউড়ায় পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি ডা. অরুণাভ দে, সম্পাদক অজয় দাস
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে মামুন শেখ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কার্যালয়ে বসেছিলেন। এ সময় হঠাৎ দুর্বৃত্তরা অফিসে ঢুকে দুটি বোমা ও অন্তত চার রাউন্ড গুলি ছোড়ে। প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা এমদাদুল হকের শরীরে লাগে, ঘটনাস্থলেই তিনি মারা যান। পরবর্তী গুলিতে মামুন শেখ গুরুতর আহত হন।
হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সহকর্মীরা আহত মামুনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আরও পড়ুন: রায়পুরে মা ও তিন মেয়ে হত্যা: অভিযুক্ত অন্তরের মরদেহ নিতে অস্বীকৃতি স্বজনদের
খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান বলেন, “যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখকে দুর্বৃত্তরা গুলি করেছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান বলেন, নিহত এমদাদুল হক স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা উদঘাটনে পুলিশ কাজ করছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনাটি এখনো মামলা আকারে নথিভুক্ত হয়নি।





