আশঙ্কা ধর্ষণের পর হত্যার
নাসিরনগরে নিখোঁজের একদিন পর তৃতীয় শ্রেণির ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের শকরাদহ গ্রামে নিখোঁজের একদিন পর পরিত্যক্ত একটি ঘর থেকে তৃতীয় শ্রেণির এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২ ডিসেম্বর বিকেলে মেয়েটি নিখোঁজ হয়; পরদিন ৩ ডিসেম্বর সকালে তার মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, হয়তো রাতে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে তাকে এখানে ফেলে রাখা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, জীবিকার তাগিদে শিশুটির মা দীর্ঘদিন ধরেই প্রবাসে থাকছেন। চার সন্তানের মধ্যে সবার ছোট এ শিশু স্থানীয় হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। ২ ডিসেম্বর সন্ধ্যার পর তাকে না পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয়ভাবে মাইকিং করে খোঁজ শুরু করেন।
আরও পড়ুন: এসআরবি কর্মকর্তার পর এবার আরও দুই পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার
৩ ডিসেম্বর সকালে শিশুটির বাবা প্রতিবেশী ইলিয়াছ মিয়ার পরিত্যক্ত ঘরের দরজা খোলা দেখতে পেয়ে সন্দেহ করেন। ঘরের ভেতরে ঢুকে তিনি মেয়ের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে আসে। পরে ইউপি সদস্য সুজন মেম্বারকে খবর দেওয়া হয়। তিনি বিষয়টি প্যানেল চেয়ারম্যান সজল চন্দ্র দাসকে জানালে তিনি নাসিরনগর থানায় অবহিত করেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
প্যানেল চেয়ারম্যান সজল চন্দ্র দাস বলেন, “এতো নৃশংস ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ একজনকে আটক করেছে বলে শুনেছি। আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
আরও পড়ুন: মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলি-ককটেল বিস্ফোরণে নিহত ১
এ বিষয়ে নাসিরনগর থানার ওসির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।





