এক মাস পর চুয়েটে আবারও 'কমপ্লিট শাটডাউন'

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:০৬ পূর্বাহ্ন, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:১২ পূর্বাহ্ন, ২৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

উপাচার্যকে ঘিরে সৃষ্ট সংকটের সমাধান না হওয়ায় এক মাসের ব্যবধানে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

বুধবার (২৫ নভেম্বর) রাতে আন্দোলন আরও জোরদার করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সভা শেষে শিক্ষার্থীরা নতুন করে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন।

আরও পড়ুন: সাদিক কায়েমসহ জুলাই নেতাদের বাড়িতে হামলা, নিন্দা জানালেন ৭৪ বিশিষ্ট নাগরিক

শিক্ষার্থীরা জানান, গত দুই মাসের বেশি সময় ধরে চলা আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। এ সময় ঘোষিত কর্মসূচিগুলোও শান্তিপূর্ণভাবে পালন করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে এখন পর্যন্ত কার্যকর ও স্থায়ী কোনো সমাধান আসেনি।

তাঁদের ভাষ্য, সংকটের কারণে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কর্মকাণ্ডেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ শিক্ষার্থীরা। এ পরিস্থিতিতে স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে সব বর্ষের শিক্ষার্থীদের সম্মতিতে কমপ্লিট শাটডাউন পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ‘মরে গেলেই ভালো হতো’: চবির বিজয়-২৪ হলে র‍্যাগিংয়ের অভিযোগ ৩ শিক্ষার্থীর বিরুদ্ধে

আলোচনা সভা শেষে রাত ২টার দিকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস বলেন, গত দুই মাস ধরে চুয়েটে চলমান আন্দোলনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। কিন্তু সংকট সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। তাই স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে সব ব্যাচের শিক্ষার্থীদের সম্মতিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে।

এদিকে, কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। একই দিন বিকেল ৩টায় চুয়েটের উপাচার্য ইস্যুতে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাহী কমিটির সদস্যরা সংবাদ সম্মেলন করবেন বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সূত্রপাত হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেছিলেন। টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। তবে সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় প্রায় এক মাসের ব্যবধানে আবারও শাটডাউনের পথে গেল বিশ্ববিদ্যালয়টি।