ভোটের জাল সিলসহ আটক জামায়াত নেতা সহ দুজনের বিরুদ্ধে মামলা

Sanchoy Biswas
জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৭:১৮ অপরাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ভোটের ৬টি সিলসহ আটক ব্যবসায়ী সোহেল রানা ও জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফের নামে মামলা দায়ের করেছে পুলিশ। এ মামলায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে আটক সোহেলকে পুলিশ গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সদর থানা পুলিশের এসআই হুমায়ুন কবির বাদী হয়ে দুজনের নামে মামলা দায়ের করেন।

আরও পড়ুন: লক্ষ্মীপুর পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্রদের হাতাহাতি, ওসিসহ আহত ১০

গ্রেপ্তার সোহেল সদর উপজেলার টুমচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টুমচর গ্রামের খোরশেদ আলমের ছেলে ও জেলা শহরের পুরাতন আদালত সড়কের মারইয়াম প্রিন্টার্সের স্বত্বাধিকারী। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে তার দোকান থেকে ১৬ ঘর বিশিষ্ট ৬টি ভোটের সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইল জব্দ করে পুলিশ। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। তার তথ্যের ভিত্তিতে ও হোয়াটসঅ্যাপে কথোপকথন ও ভয়েস মেসেজের প্রমাণের ভিত্তিতে জামায়াত নেতা শরীফকেও মামলার আসামি করা হয়। শরীফ লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ও দক্ষিণ বাঞ্চানগর এলাকার মো. শাজাহানের ছেলে। তার অর্ডারে সিলগুলো বানায় ব্যবসায়ী সোহেল।

এদিকে সিল জব্দের ঘটনায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে বিএনপি ও জামায়াত পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সিলকাণ্ডের সঙ্গে জামায়াতের সংশ্লিষ্টতাসহ আটক সোহেলকে জামায়াতের কর্মী বলে দাবি করেন। পরে পাল্টা সংবাদ সম্মেলনে একই আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ও জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম আটক সোহেল জামায়াতের কেউ নয় বলে জানিয়েছেন।

আরও পড়ুন: বিসিবি নির্বাচন ঘিরে অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা পড়েছে- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়া বলেন, ঘটনার পরপরই আমরা শরীফকে দল থেকে বহিষ্কার করেছি। বহিষ্কারের প্রেস রিলিজ দেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, দুজনের নামে মামলা করা হয়েছে। আটক সোহেলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার কাছ থেকে আদালতের মাধ্যমে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হবে।