নির্বাচন সামনে রেখে আশুলিয়ায় নাশকতার প্রস্তুতি, অস্ত্র ও ককটেল উদ্ধার, যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩

Sanchoy Biswas
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ন, ০৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:০৫ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার আশুলিয়ায় নাশকতার প্রস্তুতির অভিযোগে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে যৌথবাহিনী। এ ঘটনায় ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) গভীর রাতে আশুলিয়ার দক্ষিণ শ্রীপুর তালপট্টি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

আরও পড়ুন: ফতেহপুর জামশেদীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

পুলিশ জানায়, টহল চলাকালে যৌথবাহিনী জানতে পারে দক্ষিণ শ্রীপুর এলাকার একটি ভাড়া বাসায় ককটেল সদৃশ বস্তু ও বিভিন্ন ধরনের দেশীয় মারাত্মক অস্ত্র মজুদ করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর সেখানে অভিযান চালানো হয়।

অভিযানকালে ফারজুল ইসলাম (২৫), স্বপন হোসেন (৩৬) এবং জাহাঙ্গীর আলম মন্ডল (৪২)-কে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য ও দেখানো স্থান থেকে ১২টি ককটেল সদৃশ বস্তু, হাসুয়া, চাপাতি, তলোয়ার সদৃশ অস্ত্র, চাকু, দা, লোহার কাঁচি ও ১৯টি কাঠের লাঠিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আরও পড়ুন: গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো, গ্রেপ্তার ২

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন যে নাশকতার উদ্দেশ্যে জাহাঙ্গীর আলম মন্ডলের নির্দেশে এসব অস্ত্র ও বিস্ফোরক মজুদ করা হয়েছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।