অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনী সর্বাত্মক প্রস্তুত: মেজর সাজ্জাদ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সোনাগাজীতে দায়িত্বরত কর্মকর্তা মেজর সাজ্জাদ। তিনি বলেন, কেউ যদি নির্বাচনী পরিবেশ বিনষ্ট বা নির্বাচন বানচাল করার অপচেষ্টা চালায়, তবে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে।
মেজর সাজ্জাদ জানান, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সম্মিলিতভাবে কাজ করছে। কোনো ধরনের অনিয়ম বা অপরাধ করে কেউ পার পাওয়ার সুযোগ পাবে না। যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে সর্বোচ্চ ১৫ মিনিটের মধ্যে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে বাংলাদেশ সেনাবাহিনী পৌঁছাতে সক্ষম।
আরও পড়ুন: ফতেহপুর জামশেদীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
তিনি নির্বাচনকালীন দায়িত্ব পালনে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফেনীর সোনাগাজীতে কর্মরত সাংবাদিক, বাজার পরিচালনা কমিটি ও স’ মিল মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় গৃহীত বিভিন্ন প্রস্তুতির বিষয় তুলে ধরা হয়।
আরও পড়ুন: গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো, গ্রেপ্তার ২
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সোনাগাজীতে দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন আলিফ, ফ্লাইট লেফটেন্যান্ট মুবতাসিম, লেফটেন্যান্ট নাফিস, সোনাগাজী মডেল থানার ওসি কামরুল ইসলাম, বিজিবি কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা, সোনাগাজীতে কর্মরত সাংবাদিকবৃন্দ, বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স’ মিল মালিক সমিতির সদস্যরা।





