রোয়াংছড়ি-তে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলি, নিহত ১

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৫৩ পূর্বাহ্ন, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৫৩ পূর্বাহ্ন, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বান্দরবানের রোয়াংছড়িতে সেনাবাহিনীর সঙ্গে পাহাড়ের সশস্ত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-মূল)-এর গোলাগুলির ঘটনায় হ্লামংনু মার্মা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার তারাছা ইউনিয়নের মুরুং বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযানে গুলি, পরে তল্লাশি

আরও পড়ুন: দাউদকান্দিতে সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের চারজন দগ্ধ

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুরুং বাজার এলাকায় জেএসএস (মূল) দলের সশস্ত্র সদস্যরা গাড়ি আটকে অবৈধভাবে চাঁদা আদায় করছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল সেখানে অভিযান চালায়।

সেনাদের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সদস্যরা পালানোর চেষ্টাকালে গুলি ছুড়লে সেনাবাহিনীও পাল্টা গুলি চালিয়ে ধাওয়া করে। একপর্যায়ে তারা পার্শ্ববর্তী একটি স্কুলঘরে আশ্রয় নেওয়ার চেষ্টা করলেও পরে সেখান থেকে পালিয়ে যায়।

আরও পড়ুন: বিপুল পরিমাণ ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

গোলাগুলির পর সেনা সদস্যরা এলাকায় তল্লাশি চালিয়ে ইউনিফর্ম পরিহিত অবস্থায় হ্লামংনু মার্মাকে গুলিবিদ্ধ উদ্ধার করেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি সাবমেশিনগান (এসএমজি), ১৪৩ রাউন্ড এসএমজি গুলি, ১৪ রাউন্ড পিস্তলের গুলি, ৫ রাউন্ড ব্ল্যাঙ্ক অ্যামোনিশন, দুটি ম্যাগাজিনসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।

পুলিশের বক্তব্য

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনায় একজন আহত হয়েছিলেন, যিনি পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

আইএসপিআর এক বিবৃতিতে জানায়, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী বদ্ধপরিকর এবং সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ঘটনার পর স্থানীয় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।