টঙ্গীতে বর্জ্য ব্যবস্থাপনায় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্মানের উদ্বোধন

Sanchoy Biswas
গাজী মামুন
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ন, ০৫ মার্চ ২০২৬ | আপডেট: ৮:২৮ অপরাহ্ন, ০৫ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) টঙ্গীর শিলমুন এলাকায় অবস্থিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) বর্জ্য ব্যবস্থাপনায় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্মানের উদ্বোধন করেছেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।

বুধবার (৪ মার্চ) নগরীর ৪৭ নং ওয়ার্ড টঙ্গীর শিলমুন এলাকায় আকিজ বেকার্স লিমিটেডের সার্বিক সহযোগীতায় আনুষ্ঠানিকভাবে নতুন এই বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুভ উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার দক্ষতা ও স্বাস্থ্যকর পরিবেশের উন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুন: শ্রীপুরে আরসিসি ঢালাই রাস্তার উদ্বোধন

তিনি আরও বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)-এ বিদ্যমান গুরুত্বপূর্ণ সমস্যা, প্রচলিত উপায়ে বর্জ্য ব্যবস্থাপনা, কমপ্যাক্টর ট্রাকের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করা এবং দুর্গন্ধ ও তরল বর্জ্য নিঃসরণের মতো পরিবেশগত সমস্যা সমাধানে এটি কাজ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান, সচিব (উপ-সচিব) আমিন আল পারভেজ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা, তত্ত্ববধায়ক প্রকৌশলী সুদীপ বসাকসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সৌদিতে সড়ক দুর্ঘটনায় কুলাউড়ার রুবেল নিহত

প্রত্যাশা করা হচ্ছে, এই নতুন ব্যবস্থাপনাটি এসটিএস কর্মীদের কাজের পরিবেশে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে। এতে গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা ও এর পরিবহন খরচ কমবে। তাছাড়া, এসটিএস ও ব্যক্তি মালিকানাধীন স্থাপনার আশেপাশের পরিবেশগত স্বাস্থ্যবিধির উন্নতি হবে, যা বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।