ইসলামের রাজনীতি সবসময় জিয়াউর রহমানের নেতৃত্বে হয়েছে: এ্যানি

Sanchoy Biswas
জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ন, ১০ মার্চ ২০২৬ | আপডেট: ৬:০৪ পূর্বাহ্ন, ২১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, যারা আজকে মুখে ইসলামের রাজনীতি এবং ন্যায়ের রাজনীতির কথা বলেন, বাস্তবে তারা এসব রাজনীতি করেননি। তারা দেশের মানুষকে জিম্মি করে এবং গুপ্তভাবে রাজনীতি করেছেন।

তিনি বলেন, ইসলামের রাজনীতি সবসময় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে হয়েছে এবং ন্যায়ের রাজনীতি হয়েছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলা হবে। এতে যুবদল ও তরুণ ছাত্ররাই অগ্রণী ভূমিকা পালন করবে।

আরও পড়ুন: অধ্যক্ষের সহায়তায় জাল সনদে চাকরি, তুলছেন সরকারি বেতন

মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে জেলা যুবদলের ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি আরও বলেন, প্রেসিডেন্ট জিয়া যেভাবে খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছিলেন এবং উৎপাদন ও উন্নয়নের রাজনীতি শুরু করেছিলেন, আগামী দিনেও তারেক রহমানের নেতৃত্বে সেই উৎপাদন ও উন্নয়নের রাজনীতিকে এগিয়ে নেওয়া হবে এবং নতুন করে বাংলাদেশ গড়া হবে।

আরও পড়ুন: চট্টগ্রামে এনসিপির মহানগর সদস্য সচিবসহ ৮ জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা

তিনি বলেন, দীর্ঘদিন ধরে ত্যাগ, ঘাম, শ্রম এবং অত্যাচার-নির্যাতনের মধ্য দিয়ে নেতাকর্মীরা রাজনীতি করে যাচ্ছেন। এখন প্রয়োজন তরুণ ও যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং তাদের সামনে একটি সুন্দর ভবিষ্যতের পথ দেখানো।

এ্যানি আরও বলেন, দেশ পরিচালনা করা একটি কঠিন দায়িত্ব। জনগণের পাশে থেকে দেশ পরিচালনার দায়িত্ব পালন করতে হলে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন এবং সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকনসহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।