কুলাউড়ায় তিন প্রতিষ্ঠানকে ২ লাখাধিক টাকা জরিমানা
মৌলভীবাজারের কুলাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ মার্চ) দুপুরে পৌর শহরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. আবিদ হোসেন।
অভিযানে ডাইনিং ডিলাইট নামক রেস্তোরাঁয় কাচ্চিতে রঙ ব্যবহার, সিংকের মধ্যে গোশত ধোয়া, মেয়াদোত্তীর্ণ বান সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং প্রতিষ্ঠানটির কোনো রেস্তোরাঁ লাইসেন্স না থাকার কারণে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: জমে উঠেছে হবিগঞ্জের ঈদ বাজার, শপিং মলগুলোতে উপচে পড়া ভিড়
পাকশী নামক রেস্তোরাঁয় নোংরা ও দুর্গন্ধযুক্ত রান্নাঘর, ফ্রিজে পচা গ্রিল ও তরকারি সংরক্ষণ, মাছি-পোকামাকড়ের উপদ্রব, পোড়া তেল ব্যবহার, বাথরুমে সাবানের ব্যবস্থা না থাকা এবং আধোয়া ডিম সেদ্ধ করে রান্নার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে রাজমহল নামক প্রতিষ্ঠানে শিশুখাদ্যের প্যাকেটে পোকামাকড়, মেয়াদোত্তীর্ণ পণ্য, অনুমোদনহীন কেওড়াজল বিক্রি, আমদানিকারকের সীলবিহীন বিদেশি পণ্য এবং বাসি মিষ্টি ও বাখরখানি বিক্রির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: শরীয়তপুরে আনসার-ভিডিপি উদ্যোগে ইফতার মাহফিল
অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মৌলভীবাজার জেলা কার্যালয় এর নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইনসহ র্যাব ও পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।





