মুন্সীগঞ্জে পদ্মা নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

Sadek Ali
মো. নাজির হোসেন , মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১:০১ অপরাহ্ন, ৩১ মার্চ ২০২৬ | আপডেট: ৫:৩০ অপরাহ্ন, ৩১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকায় পদ্মা সেতুর কাছে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র মো. আরাফাতের মরদেহ ৪৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। নিহত আরাফাত শ্রীনগর পাইলট স্কুলের দশম শ্রেণির ছাত্র এবং চলতি বছরের (এসএসসি) পরীক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৮ টার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর পিলার সংলগ্ন নদীতে মাছ ধরার সময় জেলেরা মরদেহটি ভেসে উঠতে দেখে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: গাজীপুরে সাংবাদিক আসাদের ওপর ‘পরিকল্পিত হামলা’: নারী গ্রেপ্তার, নেপথ্যে ষড়যন্ত্রের অভিযোগ

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ দুপুর আড়াইটার দিকে শ্রীনগর পাইলট স্কুলের দশম শ্রেণির ছাত্র আরাফাত চার বন্ধুর সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময় হঠাৎ স্রোতের টানে সে ভেসে যায়। তার সঙ্গে থাকা অন্য তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও আরাফাত নিখোঁজ হয়।

পরে ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও কোস্ট গার্ড যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। তবে টানা দুই দিন অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

আরও পড়ুন: ভারত থেকে আরও ৭ হাজার টন ডিজেল এলো, মার্চে মোট আমদানি ২২ হাজার টন

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৮ টার দিকে মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে উদ্ধার করা হয়েছে এবং স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।