সোনাগাজীতে বীরমুক্তিযোদ্ধার বিধবার জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ
ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের বড় হালিয়া গ্রামে এক বীরমুক্তিযোদ্ধার বিধবার জমি জবর দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারটি দীর্ঘদিন ধরে হয়রানি ও নির্যাতনের শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছে বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মরহুম বীরমুক্তিযোদ্ধা কবির আহম্মদের স্ত্রী মোহসেনা খাতুন (৬৫) ও তার সন্তানরা কয়েক বছর ধরে প্রতিপক্ষের নানা অত্যাচারের মুখে রয়েছেন। স্থানীয়ভাবে প্রভাবশালী একটি পক্ষ, যার মধ্যে মো. সৈকত নামে এক পুলিশ কনস্টেবলের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে তাদের ওপর চাপ সৃষ্টি করে আসছে।
আরও পড়ুন: কবীর-লালনের ভাব ও দর্শন নিয়ে ‘আলোকপাত’ পর্বে সম্মাননা পেলেন চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু
সম্প্রতি মোহসেনা খাতুন পারিবারিক কাজে ঢাকায় অবস্থানকালে তার মালিকানাধীন জমি জোরপূর্বক দখল করে সেখানে ঘর নির্মাণ শুরু করে অভিযুক্তরা। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এর আগে, একই পক্ষ নির্মাণাধীন একটি পাকা ঘরের ভীতের নিচ থেকে মাটি কেটে নেওয়ায় ঘরটি ঝুঁকির মুখে পড়ে। এ ঘটনায় মোহসেনা খাতুন বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে স্থানীয় সালিশ ও থানার বৈঠকের সিদ্ধান্ত অমান্য করে অভিযুক্তরা তাদের কর্মকাণ্ড অব্যাহত রেখেছে বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: লালমনিরহাটে ১৫ বিজিবির অভিযানে ৭ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ
ভুক্তভোগী মোহসেনা খাতুন এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তিনি জানান, “আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের জমি ও বসতভিটা রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।”
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারটি।





