ঈশ্বরগঞ্জে দাখিল পরীক্ষায় প্রশ্নপত্র বিতরণে ভুল, বিপাকে পরীক্ষার্থীরা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দাখিল পরীক্ষায় প্রশ্নপত্র বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়মিত শিক্ষার্থীদের ভুলবশত অনিয়মিত শিক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়া হলে বিপাকে পড়ে পরীক্ষার্থীরা।
মঙ্গলবার অনুষ্ঠিত কোরআন মাজিদ পরীক্ষায় পিতাম্বরপাড়া হোসাইনিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: সোনাগাজীর নবাবপুরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা
জানা যায়, ভুলবশত নিয়মিত শিক্ষার্থীদের অনিয়মিতদের প্রশ্নপত্র দেওয়া হয়। প্রায় ৩০ মিনিট পরীক্ষা চলার পর বিষয়টি শিক্ষার্থীরা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কেন্দ্র সচিবকে জানালে শুরুতে তা গুরুত্ব পায়নি।
পরবর্তীতে অন্যান্য শিক্ষকদের নজরে এলে কেন্দ্রের দায়িত্বরত সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের নির্দেশে প্রশ্নপত্র পরিবর্তন করা হয় এবং নষ্ট হওয়া সময় পরীক্ষার শেষে বাড়িয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: প্রতারক চক্রের ফাঁদ থেকে বাঁচতে নিজের লোভকে সংযত করতে হবে
এ বিষয়ে কেন্দ্র সচিব ও মাদ্রাসার অধ্যক্ষ শোয়ায়েব আহামেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে ফোন কেটে দেন।
সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস ঘটনাটি নিশ্চিত করে জানান, ভুল প্রশ্নপত্র বিতরণের কারণে যতটুকু সময় নষ্ট হয়েছে, তা পরীক্ষার শেষে সমন্বয় করা হয়েছে।





