ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ন, ২৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ৬:৩৬ অপরাহ্ন, ২৩ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-সমর্থিত দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মোহন শেখ (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ অন্তত ১৯ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর খালপাড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মোহন শেখ ওই এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: ময়মনসিংহের নান্দাইলে সরকারি সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

স্থানীয় সূত্র জানায়, সামাজিক ও রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে জেলা যুবদল নেতা আবু জাহিদ চৌধুরীর গ্রুপ এবং শৈলকুপা উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল বাশার তরিকুল সাদাতের গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় জাহিদপন্থী এক সমর্থককে মারধরের ঘটনা ঘটে।

এর জেরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন।

আরও পড়ুন: মোবাইল ফোনে বন্ধুত্বের ফাঁদে ফেলে ছিনতাই, নারীসহ গ্রেপ্তার ৫

আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোহন শেখকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাহিদ এমরান তন্নি জানান, হাসপাতালে আনার আগেই মোহন শেখের মৃত্যু হয়। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং গুরুতর আহত আব্বাস শেখকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।

এদিকে, শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।