চট্টগ্রাম বন্দরে ২৬ হাজার টন অকটেন নিয়ে জাহাজ ‘কিউচি’, এক মাসে এলো ৭৯ হাজার টন
চট্টগ্রাম বন্দরে মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘কিউচি’ পৌঁছেছে। বুধবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে জাহাজটি বন্দরের বহির্নোঙরে ভেড়ে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর থেকে জাহাজটি থেকে অকটেন খালাস কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এপ্রিল মাসে এটি অকটেনবাহী তৃতীয় জাহাজ।
এর আগে ৮ এপ্রিল ‘এমটি সেন্ট্রাল স্টার’ ২৬ হাজার টন এবং ১৭ এপ্রিল ‘এমটি নেভি সিয়েলো’ ২৭ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে আসে। সব মিলিয়ে চলতি মাসে বন্দরে এসেছে ৭৯ হাজার টন অকটেন।
আরও পড়ুন: ভৈরবে সেরা বিদ্যালয়ের সম্মাননা পেল কমলপুর মোজাফফর বেপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
সংশ্লিষ্টরা জানান, দেশে দৈনিক প্রায় ১২০০ টন অকটেনের চাহিদা রয়েছে। সে হিসাবে এপ্রিল মাসে আমদানি হওয়া এই পরিমাণ অকটেন দিয়ে দুই মাসেরও বেশি সময় চাহিদা মেটানো সম্ভব হবে।
প্রাইড শিপিং লাইনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম বলেন, বর্তমানে বহির্নোঙরে অকটেন ও ডিজেল নিয়ে আরও পাঁচটি জাহাজ অবস্থান করছে। এছাড়া বুধবার তিনটি জাহাজ বার্থিং করে তেল খালাস শুরু করেছে।
আরও পড়ুন: লংলা কলেজে নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
তিনি আরও জানান, চট্টগ্রাম বন্দরে ডলফিন জেটি রয়েছে মাত্র তিনটি। ফলে একসঙ্গে সব জাহাজকে বার্থিং দেওয়া সম্ভব হচ্ছে না। এর পাশাপাশি প্রতিকূল আবহাওয়ার কারণে কার্গো খালাস কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটছে।





