প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

Sanchoy Biswas
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ন, ১৯ জুন ২০২৬ | আপডেট: ২:৫২ পূর্বাহ্ন, ২০ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী ঘোষিত উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

শুক্রবার (১৯ জুন) টাঙ্গাইল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ‘পানি সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় নির্মাণাধীন ৬৮০ ঘনমিটার ধারণক্ষমতাসম্পন্ন উচ্চ জলাধারের নির্মাণকাজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: শ্যামনগরে ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই

প্রতিমন্ত্রী বলেন, জনগণের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। নিরাপদ পানির সরবরাহ নিশ্চিতকরণে গৃহীত প্রকল্পগুলো জনস্বাস্থ্য সুরক্ষা এবং নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, টাঙ্গাইল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এবং আশেকপুর বাইপাস এলাকায় ওভারহেড পানির ট্যাংক নির্মাণ সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দারা নিরাপদ ও বিশুদ্ধ পানি ব্যবহারের সুযোগ পাবেন। এর ফলে জনস্বাস্থ্য উন্নয়নের পাশাপাশি নাগরিক জীবন আরও স্বাচ্ছন্দ্যময় হবে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি পদক পেলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও টাঙ্গাইল পৌরসভার প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, স্থানীয় জনপ্রতিনিধি, পৌরসভার কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী আশেকপুর বাইপাস এলাকায় আরও একটি ওভারহেড পানির ট্যাংক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে ওই এলাকার বাসিন্দাদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির সরবরাহ আরও সহজতর হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।