ফেনীতে ৪৫০ পিস ইয়াবাসহ তাঁতীদল নেতা আটক
ফেনীতে মাদকবিরোধী অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ জেলা তাঁতীদলের এক যুগ্ম আহ্বায়ক ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
শুক্রবার (১৯ জুন) দুপুরে ফেনী শহরের দাউদপুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের চকবস্তা গ্রামের আবুল হাসেমের ছেলে মো. মামুন (৬১) এবং পরশুরাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের সাতঘরিয়া গ্রামের আবদুস সালামের ছেলে মো. আবুল হোসেন (৪৬)।
আরও পড়ুন: ফতেহপুর জামশেদীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির তথ্য পেয়ে উপপরিদর্শক ইশতিয়াক হোসেনের নেতৃত্বে একটি দল শহরের দাউদপুল সংলগ্ন ফাইভ স্টার হোটেল এলাকার সামনে অবস্থান নেয়। পরে সন্দেহভাজন হিসেবে মো. মামুনকে তল্লাশি করে তার কাছ থেকে ৪৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তার সহযোগী মো. আবুল হোসেনকেও আটক করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় উপপরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো, গ্রেপ্তার ২
এদিকে জেলা তাঁতীদলের আহ্বায়ক ছরওয়ার জাহান শ্রাবণ জানান, মো. মামুন জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক পদে আবেদনপত্র জমা দিয়েছিলেন। তবে বিষয়টি এখনো সাংগঠনিকভাবে চূড়ান্ত হয়নি। গ্রেপ্তারের ঘটনায় সংগঠন প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলেও তিনি উল্লেখ করেন।





