নান্দাইলে মাদক ব্যবসার অভিযোগে বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগ

Any Akter
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ন, ২০ জুন ২০২৬ | আপডেট: ৭:২৯ অপরাহ্ন, ২০ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের গারুয়া গ্রামে মাদক ব্যবসা ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উজ্জ্বল মিয়ার বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের পর এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এলাকাবাসীর দাবি, উজ্জ্বল মিয়াকে একাধিকবার মাদক ব্যবসা ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছিল। কিন্তু অভিযোগ অনুযায়ী তিনি এসব কার্যক্রম অব্যাহত রাখায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

আরও পড়ুন: উলিপুরে অরণ্যের উদ্যোগে তিন হাজার তালের চারা রোপণ, সবুজায়নে নতুন বার্তা

উজ্জ্বল মিয়ার প্রতিবেশী আমিনুল ইসলাম জানান, জুমার নামাজের পর বিপুল সংখ্যক লোকজন উজ্জ্বল মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় বসতঘরে ব্যাপক ভাঙচুর করা হয়। পরে কে বা কারা বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে তথ্য পাওয়া গেলে সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। তবে কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া গ্রহণযোগ্য নয়।”

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে ঠেলে পাঠানোর বিএসএফের আরেক চেষ্টা ব্যর্থ

ঘটনার বিষয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।