গাজীপুরের সেই কারখানায় ফের বয়লার বিস্ফোরণে আগুন

Sanchoy Biswas
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৯:০০ অপরাহ্ন, ২০ জুন ২০২৬ | আপডেট: ১০:৪৪ অপরাহ্ন, ২০ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুর মহানগরের পূবাইল এলাকায় জয়দেবপুর-পূবাইল সড়কের পাশের সেই কারখানায় শনিবার দুপুরে ফের বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অবশ্য এবারের অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে ২০১৬ সালে এই কারখানায় বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় পথচারী এক স্কুল শিক্ষিকাসহ ছয়জন নিহত হয়েছিলেন। এ সময় কারখানাটির নাম ছিল ‘স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ’। তখন জেলা প্রশাসন কারখানাটি সিলগালা করে বন্ধ করে দেয়। কয়েক বছর বন্ধ থাকার পর কারখানার চারদিকে উঁচু প্রাচীর নির্মাণ করে নতুনভাবে ‘ইকো গ্রীন অয়েল কোম্পানি লিমিটেড’ নামে কার্যক্রম চালু করা হয়।

আরও পড়ুন: গাজীপুরে ফল উৎসব

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইকো গ্রীন অয়েল কোম্পানি লিমিটেড কারখানাটিতে পুরোনো মবিল রিসাইক্লিং এবং পুরোনো টায়ার গলিয়ে তেল সংগ্রহ করা হয়। দুপুর সোয়া দুইটার দিকে হঠাৎ বিকট শব্দে কারখানার ভেতরে বয়লার বিস্ফোরণ হয় এবং আগুন লাগে। এ সময় কালো ধোঁয়ায় কারখানা এলাকা আচ্ছন্ন হয়ে যায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নেভায়। ততক্ষণে কিছু মেশিনারি এবং বিভিন্ন মালামাল পুড়ে যায়।

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. শাহীন আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বয়লার মেশিনের হিট চেম্বার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাতের প্রকৃত কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।

আরও পড়ুন: গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবলের পর্দা উঠল, উদ্বোধনী ম্যাচে বিকেএসপির দাপুটে জয়