অন্য বাড়ি থেকে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

আড়াইহাজারে ডাকাতদের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

Sadek Ali
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৮:৩৪ পূর্বাহ্ন, ২১ জুন ২০২৬ | আপডেট: ৮:৩৪ পূর্বাহ্ন, ২১ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সশস্ত্র ডাকাত দলের হামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনসহ ছয়জন আহত হয়েছেন। একই রাতে পার্শ্ববর্তী একটি বাড়িতে হামলা চালিয়ে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা ও প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী ও রাইনাদী-আতাদী এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: তাড়াইলে পুলিশের অভিযানে ৪ চিহ্নিত অপরাধী গ্রেফতার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আড়াইহাজার উপজেলার ধন্দী গ্রামের বাসিন্দা এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন ছুটিতে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। শুক্রবার রাতে এলাকায় বিদ্যুৎ না থাকায় তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে রাস্তার পাশে বসেছিলেন। এ সময় ১০ থেকে ১২ সদস্যের একটি সশস্ত্র ডাকাত দল তাদের ওপর হামলা চালায়।

ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে সাকিব হাছান খাঁনসহ মুকুল (৩৮), রাজিব (৩২), রুবেল (৩৬), ফারুক (৩২) এবং মুকুলের স্ত্রী ডালিয়া (৩৩) গুরুতর আহত হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়।

আরও পড়ুন: ময়মনসিংহে আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

পরে আহতদের উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।

স্থানীয়দের দাবি, ওই ঘটনার প্রায় এক ঘণ্টা পর একই ডাকাত দল পার্শ্ববর্তী রাইনাদী-আতাদী এলাকার সুমন নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয়। এ সময় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা এবং প্রায় ১৪ ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের হামলায় সহকারী কমিশনারসহ কয়েকজন আহত হয়েছেন। তবে হামলার সময় ডাকাতরা তাদের কাছ থেকে কোনো মালামাল নিতে পারেনি বলে প্রাথমিকভাবে জানা গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুর রহমান বলেন, ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় সামনে যাকে পেয়েছে তাকে কুপিয়েছে। সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন বুকে আঘাত পেয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।