চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ে ছাই রাজশাহী স্টোর

Sadek Ali
গর্বিতা রানী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ন, ২৪ জুন ২০২৬ | আপডেট: ৪:০৮ অপরাহ্ন, ২৪ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ শহরের ব্যস্ততম নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি গার্মেন্টসের দোকানের বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে।

বুধবার (২৪ জুন) সকালে মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ‘রাজশাহী স্টোর’ নামের একটি দোকানে আগুনের সূত্রপাত হলে পুরো মার্কেটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: গ্রেপ্তারের একদিন পর চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগের সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক জানান, সকাল ৮টা ২৫ মিনিটে নিউ মার্কেটে আগুন লাগার খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিবগঞ্জ ও নাচোল ফায়ার স্টেশন থেকে আরও তিনটি ইউনিট যোগ দেয়।

তিনি বলেন, “মার্কেটের আশপাশে পর্যাপ্ত পানির উৎস না থাকায় দূর থেকে পানি সংগ্রহ করে আগুন নেভাতে হয়েছে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেশি সময় লেগেছে। তবে ছয়টি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।”

আরও পড়ুন: কমছে তিস্তার পানি, কেটেছে বন্যার শঙ্কা

আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানানো সম্ভব হয়নি উল্লেখ করে তিনি বলেন, তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

নিউ মার্কেটের ‘সুতঘর’ দোকানের মালিক মো. দেলু জানান, সকাল সোয়া ৮টার দিকে দোকান খুলতে এসে তিনি রাজশাহী স্টোরের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন। পরে বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করে মার্কেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ব্যবস্থা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।

তিনি বলেন, “খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তবে কখন আগুনের সূত্রপাত হয়েছে তা বলতে পারছি না।”

রাজশাহী স্টোরের মালিক মো. শফিকুল ইসলামের ছোট ভাই মোখলেসুর রহমান দাবি করেন, আগুনে দোকানের সব মালামাল পুড়ে গেছে।

তিনি বলেন, “দোকানে প্রায় আড়াই থেকে তিন কোটি টাকার পোশাক ছিল। এছাড়া ক্যাশবাক্সে প্রায় সোয়া লাখ টাকা ছিল। নিউ মার্কেটে আমাদের চারটি ইউনিট রয়েছে। পোশাক বিক্রির বেশিরভাগ অর্থও ওই ইউনিটে রাখা ছিল।”

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুন নিয়ন্ত্রণে আসার পরও ফায়ার সার্ভিসের সদস্যরা দোকানের ভেতরে পানি ছিটিয়ে আগুনের পুনরায় বিস্তার রোধে কাজ করছেন। আগুনের তাপে দোকানসংলগ্ন কয়েকটি বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডের আশঙ্কায় ব্যবসায়ীরা দ্রুত নিজেদের দোকানের মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নেন।

এ ঘটনায় নিউ মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে ফায়ার সার্ভিস তদন্ত কার্যক্রম শুরু করেছে।