রেলক্রসিংয়ে ওত পেতে আছে মৃত্যু

Sanchoy Biswas
সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ন, ০১ জুলাই ২০২৬ | আপডেট: ৬:৩৯ অপরাহ্ন, ০১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত
অরক্ষিত রেলক্রসিংয়ের কারণে চুয়াডাঙ্গায় গত ৭ মাসে ট্রেনে কাটা পড়ে মারা গেছে ৯ জন। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন। এসব দুর্ঘটনা রেলক্রসিংগুলোতে কোনো গেটম্যান না থাকা এবং অসাবধানতাবশত পারাপারের কারণেই ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলায় ২৭টি বৈধ ও ৫টি অবৈধ রেলগেট রয়েছে। রেললাইনের ওপর দিয়ে মানুষের তৈরি করা প্রায় শতাধিক চলাচলের রাস্তা রয়েছে। বৈধ রেলগেটে ৩ জন দায়িত্ব পালন করার কথা থাকলেও ১ অথবা ২ জন দায়িত্ব পালন করছেন। চুয়াডাঙ্গার ওপর দিয়ে দিনে-রাতে আন্তঃনগর, মেইল ও মালবাহী ট্রেন চলাচল করে।
গত ১৮ জুন বিকেলে ৩ যুবক মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা থেকে দর্শনা যাচ্ছিলেন। পথিমধ্যে দামুড়হুদা উপজেলার দর্শনা দুধপাতিলা এলাকার রেলক্রসিং পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা মেইল মহানন্দা ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ২ জন নিহত হন। গুরুতর আহত হন ১ জন। তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন।
স্থানীয়রা জানান, নানা সমস্যার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। প্রাণহানি হচ্ছে সাধারণ মানুষের। সম্প্রতি দুধপাতিলা রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবক মারা যান। যেখানে বৈধ গেটে লোকবল কম। রেলগেট নির্মাণ ও প্রয়োজনীয় লোকবল দিয়ে ব্যবস্থা গ্রহণ না করলে এ ধরনের ঘটনা নিয়মিত ঘটবে।
চুয়াডাঙ্গা জিআরপি ফাঁড়ির ইনচার্জ জগদীশ চন্দ্র বসু জানান, জনবল সংকটের কারণে জেলার বেশিরভাগ রেলগেটে গেটম্যান নেই, এটা সত্য। তবে মানুষের অসচেতনতার কারণেই দুর্ঘটনা বেশি ঘটছে।
তিনি আরও বলেন, চলতি বছরের প্রথম ৭ মাসে চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে মারা গেছেন ৯ জন। পুলিশ প্রতিটি ঘটনায় আইনি ব্যবস্থা নিয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, রেলগেটে লোকবল সংকট রয়েছে। ১৩টি গেটে গেটম্যান আছে, বাকিগুলোতে নেই। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে বলে আশা করছি।
উল্লেখ্য, ১৮৬২ সালে কলকাতা থেকে চুয়াডাঙ্গার ওপর দিয়ে রেলপথে প্রথম ট্রেন চলাচল শুরু হয়। বর্তমানে এ রেলপথ দিয়ে আন্তঃনগর, মেইল ও পণ্যবাহী ট্রেন চলাচল করছে দেশের বিভিন্ন জেলায়।