কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৪৮ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬ | আপডেট: ৯:৪৯ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী রেললাইন এখনও প্রায় দুই ফুট পানির নিচে তলিয়ে রয়েছে। ফলে কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না।

বুধবার (৮ জুলাই) ভোরে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: সাজেকে সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা, ভ্রমণে নিষেধাজ্ঞা

তিনি জানান, মঙ্গলবার (৭ জুলাই) ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম পৌঁছানোর পর সেখান থেকেই কক্সবাজারগামী যাত্রা বাতিল করা হয়। পরে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এদিকে, বুধবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস বর্তমানে চট্টগ্রাম রেলস্টেশনে অপেক্ষমাণ রয়েছে। ষোলশহর-জানআলীহাট সেকশনের রেললাইনের ওপর জমে থাকা পানির উচ্চতা না কমা পর্যন্ত ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: বিজিবি’র অভিযানে জুন মাসে ৩০৭ কোটি ৬৫ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

রেলওয়ে জানিয়েছে, যেসব যাত্রী ভ্রমণ বাতিল করে টিকিটের মূল্য ফেরত নিতে চান, তারা চট্টগ্রাম রেলস্টেশনের কাউন্টার থেকে টাকা ফেরত নিতে পারবেন। আর যারা ঢাকায় ফিরে যেতে চান, তারা বিকেল ৪টায় একই কক্সবাজার এক্সপ্রেসে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করতে পারবেন।

বাংলাদেশ রেলওয়ে এক বিবৃতিতে জানিয়েছে, আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে যাত্রীদের যে ভোগান্তি হয়েছে, তার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত ট্রেন চলাচল পুনরায় চালুর আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।