শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা, বগুড়া, বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তারা মিরপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিক্ষার্থীদের একাংশ ঢাকা কলেজের সামনে এবং অন্য অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যান।
আরও পড়ুন: অতিবর্ষণ ও পাহাড়ধসে মৃত বেড়ে ৫৪, পানিবন্দি ১ লাখ ৫৫ হাজারের বেশি পরিবার
আন্দোলনে ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাঙলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, বিএফ শাহীন কলেজসহ ১২ থেকে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
বিক্ষোভে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে, আমি কে, ফার্মের মুরগি’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’সহ বিভিন্ন স্লোগান দেন।
আরও পড়ুন: হরিদাসের অর্থের উৎস ও দাতাদের পরিচয় জানতে চায় পুলিশ
শিক্ষার্থীদের অভিযোগ, পদার্থবিজ্ঞান পরীক্ষার আটটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্নে ভুল ছিল এবং বাকি প্রশ্নগুলোও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মতো কঠিন করা হয়েছে। তারা প্রশ্ন তোলেন, এসব কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হলে তার দায় কে নেবে।
আরও অভিযোগ করা হয়, বৈরী আবহাওয়ার কারণে অনেক শিক্ষার্থী সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি। কেউ রাস্তায় পড়ে গেছেন, কারও অ্যাডমিট কার্ড বৃষ্টিতে ভিজে নষ্ট হয়েছে। শিক্ষার্থীদের ভাষ্য, এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীবান্ধব নয়।
পরে আন্দোলনকারীরা সায়েন্স ল্যাব থেকে ভিসি চত্বরের সামনে যান। বেলা সোয়া একটার দিকে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিলে তারা নীলক্ষেত-টিএসসি সড়কে অবস্থান নেন। সেখানে পুলিশও মোতায়েন ছিল।
এদিকে রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কও অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ।
বগুড়াতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষাসচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। সাতমাথা এলাকা থেকে মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সমাবেশ করেন তারা। সমাবেশ থেকে ২৪ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।
অন্যদিকে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন নগরীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।





