১৭২ উপসচিবকে যুগ্ন সচিব পদোন্নতি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ন, ০৯ জুলাই ২০২৬ | আপডেট: ৭:২৭ অপরাহ্ন, ০৯ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকার উপসচিব পদ থেকে ১৭২ কর্মকর্তাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছে। পদোন্নতির পর তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

আরও পড়ুন: তুরস্কের সহযোগিতায় বগুড়ায় হবে ড্রোন কারখানা: প্রতিমন্ত্রী

প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতির আদেশে উল্লেখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তিত হয়ে থাকলে তিনি বর্তমানে কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন।

এতে আরও বলা হয়েছে, পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নধর্মী তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার ক্ষেত্রে এ আদেশ প্রয়োজন অনুযায়ী সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বরাবর অথবা নির্ধারিত ই-মেইল ঠিকানায় জমা দিতে পারবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৪তম ও ২৫তম ব্যাচের পদোন্নতি থেকে বাদ পড়া কর্মকর্তাদের এই পদোন্নতির আওতায় আনা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৪তম ব্যাচের ১৯০ জনের বেশি কর্মকর্তাকে উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতির জন্য সুপারিশ করা হয়েছিল। নিয়ম অনুযায়ী তাদের পরবর্তী ধাপে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির বিষয়টিও পর্যালোচনার অধীনে রয়েছে।

এর আগে ২৪তম ব্যাচের ৮০ জন কর্মকর্তা পদোন্নতি পেয়েছিলেন। পরে প্রশাসন ক্যাডারসহ বিভিন্ন ক্যাডারের প্রায় ১৯০ জন কর্মকর্তাকে পুনরায় বিবেচনায় নেওয়া হয়। অন্যদিকে, ২৫তম ব্যাচের মোট ১৭০ জন কর্মকর্তার মধ্যে ৮০ জনকে এ দফায় বিবেচনায় নেওয়া হয়েছে। অবশিষ্ট কর্মকর্তাদের পদোন্নতি পরবর্তী সময়ে দেওয়া হবে।

বর্তমানে ২৫তম ব্যাচের পদোন্নতিপ্রাপ্ত অনেক কর্মকর্তা সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে অনেকে জেলা প্রশাসক (ডিসি) হিসেবেও দায়িত্বে রয়েছেন। তবে মামলা-সংক্রান্ত জটিলতায় থাকা দুই ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতি আপাতত বিবেচনায় নেওয়া হয়নি।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন