নিরাপত্তা কৌশলে সরকারপ্রধান যেন জনগণ থেকে বিচ্ছিন্ন না হন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকারপ্রধানের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এমন নিরাপত্তা কৌশল গ্রহণ করতে হবে, যাতে জনগণ নিজেদের সরকারপ্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন। তিনি বলেন, একটি গণতান্ত্রিক সরকারের মূল শক্তি জনগণের আস্থা ও ভালোবাসা। তাই নিরাপত্তা ব্যবস্থা এমন হওয়া উচিত, যা সরকারপ্রধানকে জনগণের কাছ থেকে দূরে সরিয়ে না দেয়। রোববার (৫ জুলাই) ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি, যাতে জনগণ নিজেদেরকে সরকারপ্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে আমি জনগণের বিশ্বাস এবং ভালোবাসার ওপর আমার আস্থা ও নির্ভরতা বজায় রাখতে চাই। তাই নিরাপত্তা ব্যবস্থা যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে।”
আরও পড়ুন: সরকারি ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন এবং পিজিআর সদর দপ্তর প্রাঙ্গণে একটি স্মারক বৃক্ষ রোপণ করেন। এ সময় তিনি চট্টগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে নিহত পাঁচজন পিজিআর সদস্যের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে সরকারপ্রধান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাহিনীর অবদান দেশের মানুষের সঙ্গে তাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে। তিনি উল্লেখ করেন, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে কোনো কঠিন পরিস্থিতিতে তাদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা প্রশংসার দাবি রাখে।
আরও পড়ুন: দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে নয়া দিল্লি, ২৫তম অবস্থানে ঢাকা
ভবিষ্যতের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীর আধুনিকায়নের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সাইবার যুদ্ধসহ বহুমাত্রিক নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে সরকার কাজ করছে।
তারেক রহমান আরও বলেন, আধুনিক প্রযুক্তি ও উন্নত নিরাপত্তা কৌশলের পাশাপাশি বাহিনীর সদস্যদের সাহস, সততা, শৃঙ্খলা এবং বিশ্বস্ততাও সমানভাবে গুরুত্বপূর্ণ। এসব গুণাবলি বজায় রেখে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।





