শিক্ষামন্ত্রীর পদত্যাগে অনড় শিক্ষার্থীরা
সায়েন্সল্যাব ছাড়ার পর ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি শেষ করে এবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর আড়াইটার পর বিপুলসংখ্যক শিক্ষার্থী শিক্ষা বোর্ডের সামনে জড়ো হন। সেখানে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
আরও পড়ুন: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি
এ সময় শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আলোচনার জন্য শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলকে ভেতরে যাওয়ার অনুরোধ জানানো হলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেন।
ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী মারুফ হাসান বলেন, ‘আমাদের কীভাবে এই শিক্ষামন্ত্রী ফার্মের মুরগি বলে ট্রিট করেন। তিনি হয়তো ভুলে গেছেন, এই ফার্মের মুরগিরাই ২৪-এ রক্ত দিয়েছে বলেই তিনি শিক্ষামন্ত্রী হতে পেরেছেন। আমাদের এখন একমাত্র দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ। তার স্থলে একজন শিক্ষাবান্ধব ব্যক্তিকে দায়িত্ব দিতে হবে।’
আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।
শিক্ষা বোর্ডের সামনে দায়িত্ব পালনরত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মাহফুজুর রহমান বলেন, শিক্ষার্থীদের দাবি শিক্ষা বোর্ডের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। এরপরও তারা সেখানে অবস্থান করছেন। বিষয়টি তাদের বুঝিয়ে বলা হয়েছে।





