রাতের আঁধারে পরিত্যক্ত ঘরে ঘোড়া জবাই, গরুর মাংস বলে বিক্রির আশঙ্কা

Sanchoy Biswas
জাহাঙ্গীর আলম প্রধান, আশুলিয়া
প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ন, ২৭ জুলাই ২০২৬ | আপডেট: ১:৩৭ পূর্বাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় রাতের আঁধারে ঘোড়া জবাই করে তা গরুর মাংস বলে বিভিন্ন স্থানে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

গত রোববার রাতে আশুলিয়ার তৈয়্যবপুর এলাকার একটি টিনশেড বাড়ির পাশে পরিত্যক্ত স্থানে গিয়ে ঘোড়া জবাইয়ের দৃশ্য দেখা যায়। এ সময় সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় কসাইরা। তবে এ ঘটনায় জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন: উলিপুরে ১০০ বছরের পারিবারিক রাস্তা বাঁশের খুটি ও টিন দিয়ে বন্ধের অভিযোগ, থানায় লিখিত ডায়েরি

একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে কম দামে অসুস্থ ঘোড়া কিনে এনে গভীর রাতে জবাই করে। পরে সেই মাংস গরুর মাংস হিসেবে বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। গভীর রাত এবং জবাইকারীদের হাতে ধারালো অস্ত্র থাকায় স্থানীয়রা ভয়ে তাদের বাধা দেওয়ার সাহস পাননি।

স্থানীয় বাসিন্দারা জানান, শিল্পাঞ্চল আশুলিয়ায় বিপুল সংখ্যক শ্রমিক বসবাস করেন। এমন প্রতারণার মাধ্যমে নিম্নমানের বা ভিন্ন প্রাণীর মাংস গরুর মাংস হিসেবে বিক্রি হলে সাধারণ মানুষ ও হোটেল-রেস্তোরাঁর ক্রেতারা প্রতারিত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি হতে পারে। তাই অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুন: কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান  সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন,রাতের আঁধারে ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিভিন্ন স্থানে বিক্রির অভিযোগের খবর আমরা পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। 

একই সঙ্গে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগে জড়িত প্রতারকদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।