বগুড়ায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

Sanchoy Biswas
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬ | আপডেট: ৫:৫৬ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়ার কাহালু উপজেলার কাজীপাড়া এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। কাহালু-বগুড়া-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আজ (১ আগস্ট) শনিবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ থেকে একটি পিকআপে করে মাছ নিয়ে কয়েকজন ব্যবসায়ী নওগাঁয় গিয়েছিলেন। ফেরার পথে কাহালুর কাজীপাড়া এলাকায় অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় নওগাঁগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৪ জন নিহত হন। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ময়মনসিংহ সদর উপজেলার রাঘবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান (৫০)। তিনি পেশায় মাছ ব্যবসায়ী। নিহত অপর ৩ জনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তারা পিকআপের চালক, হেলপার ও মাছ ব্যবসায়ী ছিলেন।

আরও পড়ুন: কুলাউড়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে টিফিন কর্মসূচির উদ্বোধন

দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে কাহালু থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন সরিয়ে নেয় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কাহালুর কাজীপাড়া এলাকায় অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় নওগাঁগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক, হেলপার ও দুই মাছ ব্যবসায়ী নিহত হন।

আরও পড়ুন: খিড়কির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

তিনি আরও জানান, নিহত লুৎফর রহমানের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। এছাড়া নিহত অপর ৩ জনের পরিচয় শনাক্তের কার্যক্রমও চলমান রয়েছে।