বাগেরহাটে একই পরিবারের তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার

Sadek Ali
হাদিউজ্জামান হিরো, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬ | আপডেট: ৫:৩৫ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাগেরহাটের কচুয়া উপজেলায় নিজ বসতঘর থেকে একই পরিবারের তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের পশ্চিম চান্দেরখোলা গ্রামে এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে পুলিশ। তবে ময়নাতদন্ত ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

নিহতরা হলেন আহাত হাওলাদার (২২), তার মা মনিরা বেগম (৫৫) এবং নানি রাশিদা বেগম (৮০)।

আরও পড়ুন: ঝিনাইদহে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে দেখে তাদের সন্দেহ হয়। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে পুলিশকে খবর দেওয়া হয়। কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর থেকে তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

পুলিশের ভাষ্য, মরদেহগুলোর অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, দুই-এক দিন আগে তাদের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন অপরাধ তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: গাজীপুর জেলা পরিষদের শিক্ষা বৃত্তি প্রদান

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিনুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।