মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, নিহত ৩ বাংলাদেশি
মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান অঙ্গরাজ্যের তামান লিঙ্গি এলাকায় সহকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন বাংলাদেশি নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ৪০ বছর বয়সী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সময় সোমবার (৩ আগস্ট) বিকেলে পোর্ট ডিকসনের তামান লিঙ্গি এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: বিবিসিসিআই’র নতুন ডিরেক্টর জহিরুল ইসলাম সিআইপি
নেগেরি সেম্বিলানের পুলিশপ্রধান দাতুক আলজাফনি আহমাদ জানান, সোমবার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে একটি বাড়িতে কয়েকজন বাংলাদেশির মধ্যে সংঘর্ষের খবর পেয়ে লিঙ্গি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে এক বাংলাদেশিকে আটক করে।
প্রাথমিক তদন্তের পর পুলিশ লিঙ্গির সুয়া ম্যাঙ্গিস এস্টেট এলাকা থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
পুলিশ জানায়, নিহত তিন বাংলাদেশির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। আহত ব্যক্তিকে রেমবাউ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার সঙ্গে জড়িত সবাই একই প্রতিষ্ঠানে কাজ করতেন এবং একই বাসায় বসবাস করতেন।
পুলিশের ধারণা, ঘটনাটি একাধিক স্থানে ঘটেছে। পুরো ঘটনার ধারাবাহিকতা ও প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধের রেকর্ড পাওয়া যায়নি। তাকে রিমান্ডের আবেদন জানাতে পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।
ঘটনাটি মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় (হত্যা) তদন্ত করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত উদ্দেশ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: দ্য নিউ স্ট্রেট টাইমস





