ডিপফেক কন্টেন্ট নিয়ে কড়া হুঁশিয়ারি মৃণাল ঠাকুরের, আইনি ব্যবস্থার ঘোষণা

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬ | আপডেট: ৭:১৭ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা ‘ডিপফেক’ বা বিকৃত কন্টেন্টের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ভারতীয় অভিনেত্রী মৃণাল ঠাকুর। নিজের অনুমতি ছাড়া তার অবয়ব ও পরিচয় ব্যবহার করে কোনো কন্টেন্ট তৈরি বা প্রচার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন অভিনেত্রী। যদিও তিনি কোনো নির্দিষ্ট ঘটনার উল্লেখ করেননি, তবে পোস্টটিকে চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: কারাজীবন কেমন ছিল জানালেন সালমান খান

মৃণাল ঠাকুর লেখেন, ‘আমার অবয়ব ব্যবহার করে ডিপফেক কন্টেন্ট তৈরি বা শেয়ার করা বেআইনি ও অগ্রহণযোগ্য। এই ঘোষণাকে অবিলম্বে অপকর্ম বন্ধ করার আনুষ্ঠানিক নোটিশ হিসেবে বিবেচনা করুন। আমার পরিচয়ের আর কোনো অপব্যবহার হলে এবার সরাসরি আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

ভারতে এআই প্রযুক্তির মাধ্যমে পরিচয় ও ব্যক্তিত্বের অপব্যবহার রোধে সাম্প্রতিক সময়ে একাধিক তারকা আইনের আশ্রয় নিয়েছেন। অনুমতি ছাড়া ডিপফেক প্রযুক্তি ব্যবহারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন অক্ষয় কুমার, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, শিল্পা শেঠি, প্রীতি জিনতা, কার্তিক আরিয়ান এবং সুনীল শেঠিসহ আরও কয়েকজন অভিনয়শিল্পী।

আরও পড়ুন: শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা মান্দানা, ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ

এর আগে অভিনেত্রী রাশমিকা মান্দানাও ডিপফেক প্রযুক্তির শিকার হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ক্ষোভ প্রকাশ করেছিলেন। প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে ভুয়া ছবি ও ভিডিও তৈরি করে নারীদের হয়রানির তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি কঠোর শাস্তির দাবি করেন।

পরবর্তীতে রাশমিকা মান্দানার ডিপফেক ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

বিশেষজ্ঞরা মনে করছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে ডিপফেক প্রযুক্তির অপব্যবহারও বাড়ছে। ফলে ব্যক্তিগত গোপনীয়তা ও পরিচয় সুরক্ষায় সচেতনতার পাশাপাশি কার্যকর আইনি পদক্ষেপের প্রয়োজনীয়তাও গুরুত্ব পাচ্ছে।