পর্ন ইন্ডাস্ট্রি থেকে সিনেটে! এবার কলম্বিয়ার আইনপ্রণেতা অ্যামারান্তা হ্যাঙ্ক
সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেছিলেন। পরে প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। সেই অতীতের কারণে দীর্ঘদিন সমালোচনার মুখে থাকলেও এবার কলম্বিয়ার আইনসভার উচ্চকক্ষ সিনেটের সদস্য হিসেবে দায়িত্ব নিয়েছেন দেইসি আলেখান্দ্রা ওমানিয়া ওরতিজ, যিনি অ্যামারান্তা হ্যাঙ্ক নামেই বেশি পরিচিত।
সম্প্রতি রাজধানী বোগোতায় সিনেটর হিসেবে শপথ নেন ৩৩ বছর বয়সী এই রাজনীতিক। তিনি বামপন্থী হিস্টোরিক প্যাক্ট জোটের প্রার্থী হিসেবে নরতে দে সানতানদের অঞ্চলের আসনে নির্বাচিত হন। ২০২৬ সালের নির্বাচনে দলীয় তালিকায় তার অবস্থান ছিল ২৩তম। তবে জোটটি পর্যাপ্ত আসন পাওয়ায় তিনি সিনেটে যাওয়ার সুযোগ পান। ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত মেয়াদের জন্য দায়িত্ব পালন করবেন তিনি।
আরও পড়ুন: মার্কিন ট্যাংকারে বিস্ফোরণ, ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি
নির্বাচনী প্রচারণায় দেইসি সবচেয়ে বেশি গুরুত্ব দেন প্রাপ্তবয়স্ক কনটেন্ট নির্মাতাদের শ্রম অধিকার ও সামাজিক সুরক্ষার বিষয়ে। তার মতে, এ খাতের কর্মীরাও অন্যান্য পেশাজীবীদের মতো আইনি স্বীকৃতি, শ্রম অধিকার এবং সামাজিক নিরাপত্তা পাওয়ার অধিকার রাখেন। বাস্তবে তারা বৈষম্য, সামাজিক কলঙ্ক ও অধিকারবঞ্চনার শিকার হন বলেও দাবি করেন তিনি।
দেইসি জানিয়েছেন, সিনেটে তিনি এ খাতের কর্মীদের জন্য সুস্পষ্ট শ্রমনীতি, স্বাস্থ্যসেবা এবং আইনি সুরক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেবেন। পাশাপাশি নারীর অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, মানসিক স্বাস্থ্য এবং সামাজিকভাবে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় আইন প্রণয়নের বিষয়েও কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
আরও পড়ুন: ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, বিস্ফোরণে কেঁপে উঠল একাধিক এলাকা
পর্ন চলচ্চিত্রে যুক্ত হওয়ার আগে দেইসি সাংবাদিক হিসেবে কাজ করতেন। ২০১৭ সালে তিনি প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রে অভিনয় শুরু করেন এবং প্রায় দুই বছর পর সেই অঙ্গন ছেড়ে রাজনীতিতে সক্রিয় হন।
রাজনীতিতে আসার পর তার অতীত পেশা নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়লেও তিনি প্রশ্ন তোলেন, প্রাপ্তবয়স্ক বিনোদনশিল্পে কাজ করা একজন নারী কেন জনগণের ভোটে নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখতে পারবেন না? উদাহরণ হিসেবে তিনি ইতালির সাবেক সংসদ সদস্য ইলোনা স্ট্যালারের কথা উল্লেখ করেন, যিনি চলচ্চিত্রে অভিনয়ের পর রাজনীতিতে এসে আইনপ্রণেতা নির্বাচিত হয়েছিলেন।
কলম্বিয়ার জাতীয় নিবন্ধন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সর্বশেষ সিনেট নির্বাচনে হিস্টোরিক প্যাক্ট জোট মোট ভোটের ২২ দশমিক ৭২ শতাংশ পেয়ে ২৫টি আসন অর্জন করে। ৪৪ লাখের বেশি ভোট পাওয়া এই জোট বর্তমানে দেশটির অন্যতম বৃহৎ সংসদীয় জোট।
কুকুটা শহরে জন্ম নেওয়া দেইসি জানিয়েছেন, তার আইন প্রণয়ন কর্মসূচিতে মানসিক স্বাস্থ্যসেবা এবং যৌন নির্যাতন প্রতিরোধও অগ্রাধিকার পাবে। এক ভাষণে তিনি বলেন, "অভিজ্ঞতা আমাকে বৈষম্য, স্বাধীনতার সংগ্রাম এবং গণ-অর্থনীতি বুঝতে সাহায্য করেছে। আমার অভিজ্ঞতালব্ধ যুক্তি দিয়ে সরাসরি আইন প্রণয়ন সংক্রান্ত বিতর্কে সমস্ত দাবি তুলে ধরার প্রতিশ্রুতি দিচ্ছি।"
দেইসির রাজনীতিতে আগমন নিয়ে বিতর্ক থাকলেও কলম্বিয়ায় এটি একেবারে নতুন ঘটনা নয়। এর আগে প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রে কাজ করা হুয়ান কার্লোস ফ্লোরিয়ানকে উপমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তও রাজনৈতিক বিতর্কের জন্ম দেয়। তবে প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সরকার জানায়, কোনো ব্যক্তির অতীত পেশার চেয়ে তার যোগ্যতা, দক্ষতা এবং জনসেবার সক্ষমতাই সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ।





