জীবননগরে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশী নারী আটক
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৮ জন নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।
আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার গুনাইঘর গ্রামের মৃত জব্বারের মেয়ে রেশমী আক্তার (৩০), টাঙ্গাইল জেলার সখিপুর থানার মো. শহীদুল্লাহ'র মেয়ে শরিফা আক্তার (৩০), বাগেরহাট জেলার মোল্লাহাট থানার কাচনা গ্রামের সাইফুল ইসলামের মেয়ে শিলা খানম (২৭), রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার খামার মাগুরা গ্রামের জুয়ার মোল্লার মেয়ে রাশিদা খাতুন (১৯), পাবনা জেলার সদর থানার মৃত আনসার আলীর মেয়ে আসিয়া খাতুন (৩৮), যশোর জেলার শার্শা থানার কাশিপুর গ্রামের মৃত সুমনের মেয়ে কাজল (২০), একই গ্রামের ছলেমান দফাদারের মেয়ে হাওয়া বিবি (৫১) ও মোছাঃ রুপা (১৫)।
আরও পড়ুন: চলনবিলে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী
বিজিবি জানায়, বৃহস্পতিবার সকাল পৌনে ৬ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেনীপুর সীমান্ত পিলার ৬২/৫ নং এস হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নবদূর্গাপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় ওই এলাকার মাঠের ধানক্ষেতের পাশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৮ জন নারীকে আটক করা হয়।
মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, আটককৃতদের জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা হয়েছে।





