নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুরের মেঘনা নদীর চরে ফুটবল খেলার সময় নদীতে পড়ে যাওয়া বল তুলতে গিয়ে স্রোতে তলিয়ে যাওয়া মো. মিলন (৪০) নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেঘনা নদীর বুড়িঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪, আহত ২
নিহত মিলন সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর আলী হাসান গ্রামের দুলাল হোসেনের ছেলে। পেশায় তিনি একজন অটোরিকশা চালক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গতকাল শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে মিলনসহ ৪২ জনের একটি দল মজুচৌধুরীর হাটের পশ্চিমে মেঘনা নদীর মেঘার চরে ঘুরতে ও ফুটবল খেলতে যায়। খেলার একপর্যায়ে বলটি নদীতে পড়ে গেলে মিলনসহ চারজন তা উদ্ধারে নামেন। এ সময় নদীতে জোয়ার শুরু হওয়ায় তীব্র স্রোত ও ঢেউয়ের তোড়ে মিলন নদীর গভীরে তলিয়ে যান। সঙ্গে থাকা বাকি তিনজন সাঁতরে চরে উঠতে সক্ষম হলেও মিলন নিখোঁজ হন। গত কয়েকদিন ধরে অমাবস্যার প্রভাবে নদীতে স্রোতের তীব্রতা অনেক বেশি ছিল।
আরও পড়ুন: শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক
ঘটনার পর ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ-পুলিশ উদ্ধার অভিযান চালালেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে আজ শনিবার দুপুরে বুড়িঘাট এলাকার নদীর তীরে স্থানীয়রা মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।
এ বিষয়ে মজুচৌধুরীর হাট নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) আজিজুল হক জানান, জোয়ারের তীব্র স্রোতে তলিয়ে যাওয়া যুবকের মরদেহ স্থানীয়দের মাধ্যমে দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, নদীর পাড় থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।





