রাঙ্গামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪, আহত ২
রাঙ্গামাটির সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
রোববার (১৬ আগস্ট) সকালে রাঙ্গামাটি-খাগড়াছড়ি মহাসড়কের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙ্গামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ (চট্টগ্রাম মেট্রো ন-১১-২৫৯৯) কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। পথে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে পিকআপটি সড়ক থেকে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। পরে আহত ও নিহতদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুন: সাতছড়ি-তেলিয়াপাড়া সীমান্তে ১৩৩ কেজি গাঁজা ও ১৮ বোতল ভারতীয় মদ জব্দ
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, দুর্ঘটনার পর চারজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। গুরুতর আহত দুজনের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়েছে।
নিহতরা হলেন—মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮), শোভা চাকমা (৫২) ও শান্তি রঞ্জন চাকমা (৬৫)।
আহতরা হলেন—জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও সুমন চাকমা (৪৫)। তাদের আশঙ্কাজনক অবস্থায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার মানিকছড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।





