মির্জা ফখরুলের আসনসহ ১১ সংসদীয় আসনের সীমানা নিয়ে নতুন গেজেট
দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা নিয়ে নতুন গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন গঠিত উপজেলা ও ইউনিয়ন পরিষদ এসব সংসদীয় আসনের সীমানায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে আসনগুলোর সীমানায় কাগজে-কলমে সংশোধন হলেও বাস্তবে কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রোববার (৩০ আগস্ট) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
আরও পড়ুন: সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
নতুন গেজেটে অন্তর্ভুক্ত ১১টি সংসদীয় আসন হলো—ঠাকুরগাঁও-১, বগুড়া-২, পিরোজপুর-১, ময়মনসিংহ-১০, ব্রাহ্মণবাড়িয়া-৩ ও ৪, কুমিল্লা-৩, লক্ষ্মীপুর-২ ও ৩, চট্টগ্রাম-২ এবং কক্সবাজার-১।
ইসির গেজেট অনুযায়ী, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলা নিয়ে গঠিত এ আসনে রুহিয়া ও ভুল্লী উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। সদর উপজেলা ভেঙে নতুন এ দুটি উপজেলা গঠন করা হয়। গত মে মাসে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় রুহিয়া ও ভুল্লী উপজেলা অনুমোদন পায়।
আরও পড়ুন: পাটগ্রাম সীমান্তে ১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও দুই বাইসাইকেল আটক
বগুড়া-২ আসনে শিবগঞ্জ উপজেলার পাশাপাশি নতুন গঠিত মোকামতলা উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত মে মাসে নিকার বৈঠকে মোকামতলা উপজেলা অনুমোদন দেওয়া হয়।
ময়মনসিংহ-১০ আসনে গফরগাঁও উপজেলার সঙ্গে নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলা যুক্ত করা হয়েছে। গত জুলাই মাসে নিকার বৈঠকে দক্ষিণ গফরগাঁও উপজেলা অনুমোদন পায়।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আখাউড়া উপজেলার বরিশল ইউনিয়ন পরিষদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে, বরিশল ইউনিয়ন পরিষদ বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সীমানা নির্ধারণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে ছয়টি গ্রাম আলাদা করে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করে নতুন বরিশল ইউনিয়ন গঠন করা হয়। গত মে মাসে এ ইউনিয়ন অনুমোদন পায়।
কুমিল্লা-৩ আসনে মুরাদনগর উপজেলার সঙ্গে নতুন গঠিত বাঙ্গরা উপজেলাকে যুক্ত করা হয়েছে। গত জুলাই মাসে নিকার বৈঠকে বাঙ্গরা উপজেলা অনুমোদন পায়।
চট্টগ্রাম-২ আসনে ফটিকছড়ি উপজেলার সঙ্গে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া কক্সবাজার-১ আসনে নতুন গঠিত মাতারমুহুরি উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইসি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, প্রশাসনিক পুনর্বিন্যাসের ফলে নতুন উপজেলা ও ইউনিয়ন পরিষদ গঠিত হওয়ায় সংসদীয় আসনের সীমানায় এই সংশোধন আনা হয়েছে। তবে এতে সংশ্লিষ্ট আসনগুলোর ভৌগোলিক কাঠামোতে বড় ধরনের কোনো পরিবর্তন হবে না।





