কালিয়াকৈরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়ীয়া আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর মৃর্ধাবাড়ী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে শরতের কাশফুলে সেজেছে গ্রাম-বাংলার অপরূপ প্রকৃতি
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলবাড়ীয়ার দিকে যাচ্ছিল যাত্রীবোঝাই একটি সিএনজিচালিত অটোরিকশা। কাঞ্চনপুর মৃর্ধাবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত অপর দুজনকে গুরুতর অবস্থায় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আরও পড়ুন: আশুলিয়ায় ভাড়া বাসা থেকে তিন মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহত দুজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।





