ডিএমপির ৪৩৭ কৃতি শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৫:২১ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যদের কৃতি সন্তানদের মধ্যে ‘ডিএমপি শিক্ষাবৃত্তি-২০২৫’ প্রদান করা হয়েছে। মেধাবৃত্তি ও উচ্চ শিক্ষা সহায়িকা বৃত্তির আওতায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ২৪৯ জন এবং উচ্চ শিক্ষা সহায়িকা বৃত্তির আওতায় ১৮৮ জনসহ মোট ৪৩৭ জন কৃতি শিক্ষার্থী এ বৃত্তি পেয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ‘ডিএমপি শিক্ষাবৃত্তি-২০২৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ, বিপিএম-সেবা।

আরও পড়ুন: ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, বালু জব্দ ও আটক দুই

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, শিক্ষাবৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়; এটি শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম, অধ্যবসায়, স্বপ্ন ও ভবিষ্যৎ সম্ভাবনার স্বীকৃতি। ডিএমপির কৃতি সন্তানদের সাফল্য তাদের পরিবারের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের জন্যও অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়।

তিনি বলেন, পুলিশ সদস্যরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দিন-রাত দায়িত্ব পালন করেন। রোদ-বৃষ্টি, গভীর রাত কিংবা বিভিন্ন উৎসব-পার্বণে দায়িত্ব পালনের কারণে অনেক সময় তাদের পরিবারের গুরুত্বপূর্ণ সময়েও কর্মস্থলে থাকতে হয়। পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের পেছনে পরিবারের অবদানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানদের সাফল্য তাদের সেই ত্যাগের অন্যতম বড় প্রেরণা।

আরও পড়ুন: টাঙ্গাইলে হাসপাতালের আঙিনা নিজ হাতে পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, শিক্ষাবৃত্তির মাধ্যমে ডিএমপি তাদের মেধা ও পরিশ্রমকে মূল্যায়ন করছে। এই স্বীকৃতিকে ভবিষ্যতের আরও বড় অর্জনের অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করতে হবে। নিজেদের এমনভাবে গড়ে তুলতে হবে, যেন একদিন তারা অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে।

তিনি আরও বলেন, আজকের কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে। তাদের কেউ দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে, কেউ নতুন জ্ঞান সৃষ্টি করবে, কেউ মানুষের সেবায় নিয়োজিত হবে এবং কেউ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার ‘ডিএমপি শিক্ষাবৃত্তি-২০২৫’ অর্জনকারী সব শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুন্দর জীবন ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ও অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মোঃ আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) ও অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গনি, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার ট্যাররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোহাম্মদ শামসুল হকসহ যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে ডিএমপি কর্মকর্তাদের পরিবারের সদস্য এবং শিক্ষাবৃত্তি অর্জনকারী কৃতি শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।