জৈন্তাপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরে শুরু হয়েছে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি ঢাকায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি অতিথিরাও অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে জৈন্তাপুর উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সুনন্দা রায়।
আরও পড়ুন: ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, বালু জব্দ ও আটক দুই
এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামিমা সুলতানা, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজয় চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজ, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. শরীফউদ্দিন, বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলালসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
আলোচনা সভায় ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
আরও পড়ুন: টাঙ্গাইলে হাসপাতালের আঙিনা নিজ হাতে পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু
পরে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আগামী তিন মাস প্রতি শনিবার নিয়মিতভাবে বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস, মাইকিং, লিফলেট বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা চালানো হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সম্পৃক্ত করে নিজ নিজ প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।





