ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত ঘরে জুয়া, গ্রেপ্তার ৪ পুলিশ সদস্য
ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার কার্যালয়ের পাশে একটি পরিত্যক্ত টিনশেড ঘরে তাস দিয়ে জুয়া খেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানার ডান হাতের একটি আঙুল ভেঙে গেছে। ঘটনাস্থল থেকে নগদ টাকা, তাস ও কয়েকটি স্মার্টফোনও উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে জেলা পুলিশ সুপার কার্যালয়ের উত্তর পাশে হলপাড়ায় এ অভিযান চালানো হয়। পরদিন মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গ্রেপ্তার চার পুলিশ সদস্যকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ভৈরবে সেরা বিদ্যালয়ের সম্মাননা পেল কমলপুর মোজাফফর বেপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার কার্যালয়ের উত্তর পাশে অবস্থিত পরিত্যক্ত টিনশেড ঘরটিতে অভিযান চালায় পুলিশের একটি বিশেষ দল। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলমগীর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জুয়েল রানার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ায় অংশ নেওয়া ব্যক্তিরা সেখান থেকে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ সদস্যদের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানার ডান হাতের একটি আঙুল ভেঙে যায়।
আরও পড়ুন: লংলা কলেজে নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
পরে পুলিশ ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে চার পুলিশ সদস্যকে আটক করে। অভিযানের সময় জুয়া খেলার আসর থেকে নগদ টাকা, তাস ও একাধিক স্মার্টফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পুলিশ সুপার কার্যালয়ের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শান্তি কুমার রায় (৩৭), কনস্টেবল মো. সোহেল রানা (৩৩), কনস্টেবল মো. আলমগীর কবির (৩৩) এবং শহর পুলিশ ফাঁড়ির এএসআই মো. শাহাদত জামান (৩৯)।
অভিযানের সময় পঞ্চগড় জেলা পুলিশের এটিএসআই মো. আতাউর রহমান (৪০) এবং পিবিআই ঠাকুরগাঁওয়ের কনস্টেবল মো. শহিদুল ইসলাম (৩৮) পালিয়ে যান। তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
এ ঘটনায় সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. লিখন হোসেন বাদী হয়ে জুয়া প্রতিরোধ আইনে ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন।
ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অপরাধী যে-ই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নন। চার আসামিকে আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক দুজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।





