পাওনা পরিশোধে জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি
সানলাইফ ইন্স্যুরেন্সের কাছে কুষ্টিয়ার গ্রাহকদের প্রায় ১০ কোটি টাকা পাওনা
সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কাছে কুষ্টিয়া জেলার বিভিন্ন গ্রাহকের মেয়াদপূর্তির প্রায় ১০ কোটি টাকা পাওনা রয়েছে বলে অভিযোগ করেছেন গ্রাহকরা। দীর্ঘদিনেও পাওনা অর্থ পরিশোধ না করায় ক্ষতিগ্রস্ত গ্রাহকরা দ্রুত অর্থ ফেরতের দাবিতে কুষ্টিয়ার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) জেলা প্রশাসকের কাছে দেওয়া স্মারকলিপিতে গ্রাহকরা জানান, তারা দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে সানলাইফ ইন্স্যুরেন্সের বীমা পলিসির প্রিমিয়াম ও কিস্তি পরিশোধ করে আসছেন। এরই মধ্যে অনেক গ্রাহকের পলিসির মেয়াদ পূর্ণ হলেও নির্ধারিত সময় পার হওয়ার পরও তারা প্রাপ্য মেয়াদপূর্তির অর্থ হাতে পাননি।
আরও পড়ুন: বিল পরিশোধ-জাহাজের ছাড়পত্র সবই অনলাইনে, স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর
গ্রাহকদের অভিযোগ, পাওনা অর্থ না পাওয়ায় তারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকট ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। কোম্পানির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও অনেক ক্ষেত্রে কার্যকর সমাধান পাওয়া যায়নি বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।
স্মারকলিপিতে জেলা প্রশাসনের মাধ্যমে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত গ্রাহকদের পাওনা অর্থ পরিশোধের উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।
আরও পড়ুন: ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি প্রস্তুত: তথ্য প্রতিমন্ত্রী
একই সঙ্গে বীমা গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর কার্যকর হস্তক্ষেপেরও দাবি জানিয়েছেন তারা।
গ্রাহকদের ভাষ্য, শুধু সানলাইফ ইন্স্যুরেন্স নয়, বিভিন্ন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গ্রাহকরাও নিয়মিত প্রিমিয়াম পরিশোধের পর মেয়াদ শেষে পাওনা অর্থ পেতে নানা জটিলতার মুখোমুখি হচ্ছেন। এ অবস্থায় বীমা খাতে গ্রাহকদের অর্থ ও অধিকার সুরক্ষায় নিয়ন্ত্রক সংস্থার কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে তারা দাবি করেন।
তবে গ্রাহকদের উত্থাপিত প্রায় ১০ কোটি টাকা পাওনার দাবির বিষয়ে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।





