ধর্মপাশায় জমির বিরোধে স্কুলের সামনে প্রধান শিক্ষককে কুপিয়ে জখম

Sadek Ali
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১:৩৯ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে সরকারি জায়গা দখলের প্রতিবাদ করায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহত শিক্ষক লিটন চন্দ্র বর্মণ পাথারিয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

রবিবার সকালে পাথারিয়াকান্দা এলাকায় এ ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, টিনু মিয়া নামের এক ব্যক্তি প্রায় তিন কিলোমিটার দূর থেকে এসে সরকারি খাস জায়গা দখল করে বাড়ি ঘর নির্মাণ করছেন। একই সঙ্গে তিনি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনকে অকথ্য ভাষায় গাল মন্দ ও ভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছেন বলেও অভিযোগ রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রবিবার সকালে টিনু মিয়া ও তার পরিবারের লোকজন ওই সরকারি খাস জায়গায় ঘর নির্মাণ করতে আসে। তাৎক্ষণিক ভাবে ওই সরকারি জায়গা দখলের প্রতিবাদ করেন পাথারিয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন চন্দ্র বর্মণ। এ সময় টিনু মিয়া ও তার স্বজনরা প্রধান শিক্ষককের উপর অতর্কিত ভাবে হামলা চালায়। একপর্যায়ে তাকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।

আরও পড়ুন: কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ৬ রাউন্ড গুলি উদ্ধার

পরে আশপাশের লোকজন গুরুতর আহত প্রধান শিক্ষককে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাৎক্ষণিক ভাবে এনে ভর্তি করেন।এক কর্তব্যরত চিকিৎসক জানান ওই শিক্ষকের আঘাত প্রাপ্ত স্থানে ছয়টি সেলাই করা হয়েছে এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, হামলার আগে টিনু মিয়া বেশ কয়েকদিন যাবত প্রকাশ্যে ঘোষণা দিয়ে আসছিল যে প্রধান শিক্ষককে সে দেখে নিবে। তারি জের ধরে  প্রধান শিক্ষকের ওপর হামলা চালায় টিনু মিয়া। ঘটনার পর এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়রা হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।অভিযুক্ত টিনু মিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি বলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমাম হোসেন জানান, সরকারি খাস জমি দখলের প্রতিবাদ করায় ও বাধা প্রদান করার বিরোধের জেরে পাথারিয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন চন্দ্র বর্মণ আহত হয়েছেন। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ এখনো পাইনি৷ অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।