ঢাকার খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে কাজ করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ঢাকার চারপাশের নদী দূষণমুক্ত করার পাশাপাশি নগরীর খালগুলো পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ডের নন্দীপাড়া এলাকার জিরানী খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এমপি।
আরও পড়ুন: রাড্ডা ও সালমানের স্টুডিওতে হামলা, ফের আলোচনায় বিএনপির দখল-চাঁদাবাজি
পরিদর্শন শেষে সাংবাদিকদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯টি খালের দুই পাড়ে প্রয়োজন অনুযায়ী রিটেইনিং ওয়াল ও ওয়াকওয়ে নির্মাণ করা হবে। এর মাধ্যমে পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি অবৈধ দখল রোধ এবং নগরবাসীর জন্য উন্মুক্ত বিনোদন ও চলাচলের সুযোগ তৈরি হবে।
তিনি বলেন, ঢাকা মহানগরীর পয়ঃবর্জ্য সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে শোধন করে নদীতে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য গঠিত কমিটি ইতোমধ্যে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে।
আরও পড়ুন: সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা একদিনেই দেশকে সিঙ্গাপুর বা অস্ট্রেলিয়া বানিয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাই না। বাস্তবতাকে সামনে রেখে ধাপে ধাপে একটি পরিচ্ছন্ন, সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে চাই।’
নদী-খাল রক্ষা ও পরিবেশ পরিচ্ছন্ন রাখা সরকারের একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে তিনি ঢাকাবাসীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নীতিগত, কারিগরি ও প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, ঢাকার জলাবদ্ধতা নিরসনের মাধ্যমে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে এলাকার সমস্যা ও নাগরিক দুর্ভোগ যথাযথভাবে তুলে ধরে জনসচেতনতা সৃষ্টি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে সাংবাদিকদের দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের কল্যাণ ও উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ। সরকার শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, জনগণের কল্যাণে নেওয়া প্রতিটি উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে এর সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা নগরী গড়ে তোলা। এ স্বপ্ন বাস্তবায়নে সরকারের উদ্যোগের পাশাপাশি এলাকাবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম. শাহাবুদ্দিনসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





