স্কুল ফিডিংয়ের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
পিরোজপুরের নেছারাবাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘স্কুল ফিডিং’ কর্মসূচির শিশুদের জন্য বরাদ্দ দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা মো. নাদিম মাহমুদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁকে প্রাথমিক সদস্যপদসহ ছাত্রদলের সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
নাদিম মাহমুদ নেছারাবাদ উপজেলার ১ নম্বর বলদিয়া ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদনক্রমে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
আরও পড়ুন: কিশোরগঞ্জে মেজর আখতারুজ্জামানের গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নাদিম মাহমুদকে সংগঠনের সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালিদ হাসানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
আরও পড়ুন: মানিকগঞ্জে কালিগঙ্গায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ: লাখো জনতার ঢল
স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ বিন্না কাইলান্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত শুক্রবার স্কুল ফিডিং কর্মসূচির ৩০ প্যাকেট দুধ চুরির অভিযোগ ওঠে। বিষয়টি বুধবার জানাজানি হলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
পরে ওই দিন সকালে নাদিম মাহমুদ ও তাঁর দুই বন্ধু বিদ্যালয়ে গিয়ে ৩০ প্যাকেটের মধ্যে ২৭ প্যাকেট দুধ ফেরত দেন বলে জানা গেছে। এ সময় নাদিম দুধ নেওয়ার বিষয়টি স্বীকার করে দাবি করেন, তাঁরা তিন প্যাকেট দুধ খেয়েছেন।
ঘটনাটি বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পিরোজপুর জেলা ছাত্রদলের নজরে আসে। এরপর বৃহস্পতিবার রাতে দলীয় সিদ্ধান্তে নাদিম মাহমুদকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।





