নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:২০ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১:২০ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। 

বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কারখানার ইউনিট-২-এ আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের একটি চারতলা ভবনেও ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: বগুড়ার দুই থানায় নতুন ওসি, বদলি আরও ৫ পুলিশ কর্মকর্তা

আগুনের ব্যাপকতা বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৬টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। এ ছাড়া আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার শাহিন আলম জানান, সকাল সোয়া ১০টার দিকে এসেনসিয়াল ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় আগুন লাগার খবর পান তারা। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

আরও পড়ুন: ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালায় চার স্কুলছাত্রী, উদ্ধার হবিগঞ্জে

প্রাথমিক তথ্য অনুযায়ী, কারখানার একটি ভবন থেকে আগুনের সূত্রপাত হয়ে পরে পাশের পেনসিলিং ভবনের চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে। এতে কারখানার ভেতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যাচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, আগুনের প্রচণ্ড তাপ ও ঘন ধোঁয়ার কারণে আশপাশের এলাকায় অবস্থান করা কঠিন হয়ে পড়েছে। এর সঙ্গে রাসায়নিকের তীব্র গন্ধ যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।

কারখানার ভেতরে রাসায়নিক ও বিভিন্ন উপকরণ থাকায় আগুন নেভানোর কাজ জটিল হয়ে পড়েছে বলে ঘটনাস্থল থেকে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি পাশের ভবন ও অন্যান্য স্থাপনায় যেন তা ছড়িয়ে না পড়ে, সে চেষ্টাও করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এদিকে কারখানার নিজস্ব পানির ব্যবস্থা ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করা হলেও একপর্যায়ে পানির সংকট দেখা দেয় বলে ঘটনাস্থল থেকে জানা গেছে। পরে গাজীপুর, টঙ্গী, উত্তরা ও আশপাশের এলাকা থেকে পানিবাহী গাড়ি এনে অগ্নিনির্বাপণ কার্যক্রমে সহায়তা নেওয়া হচ্ছে।

অগ্নিকাণ্ডের কারণ, সম্ভাব্য হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।