সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:২৯ অপরাহ্ন, ১২ অগাস্ট ২০২৪ | আপডেট: ২:৫০ অপরাহ্ন, ১২ অগাস্ট ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলন-সহিংসতার জেরে এক সপ্তাহের মতো রাজধানীর সড়কে ছিল না ট্রাফিক পুলিশ। পুলিশ শূন্য রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে বাঁশি-লাঠি হাতে এ কয়েকদিন সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১২ আগস্ট) সকাল ৮টায় দেখা যায় রাজধানীর আগারগাঁও, খামারবাড়ি, ফার্মগেট, কাওরানবাজার, শাহবাগসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব পালন করছে পুলিশ। অনেক জায়গায় পুলিশের সাথে আছে শিক্ষার্থীরা। আবার কিছু পয়েন্টে এখনোও ট্রাফিকের দায়িত্ব পালন করছে শুধু শিক্ষার্থীরা।

আরও পড়ুন: আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ‘সেবা মাস-২০২৬’ উদ্বোধন, সদস্যসেবায় আধুনিকায়নের গুরুত্ব

শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর ভেঙে পড়ে পুলিশের চেইন অব কমান্ড। সারাদেশে বিভিন্ন থানায় হামলা হয়। সেই সাথে পুলিশ সদস্যদের মারধর ও হত্যার ঘটনা ঘটে। একপর্যায়ে রাজধানী ঢাকাসহ সারাদেশের পুলিশ শূন্য ট্রাফিক সিগন্যাল ও সড়কে যান চলাচলের শৃঙ্খলার দায়িত্ব কাঁধে তুলে নেয় ছাত্র-জনতা।

এদিকে ঢাকাসহ সারাদেশের থানাগুলো চালুর চেষ্টা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর। ১৫ আগস্টের (বৃহস্পতিবার) মধ্যে কাজে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায় তাদের পলাতক দেখানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

আরও পড়ুন: ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বদলি

রোববার (১১ আগস্ট) রাতে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় পুলিশকে সহযোগিতার লক্ষ্যে ৫৩৭টি থানায় সেনা মোতায়েন রয়েছে। থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে উল্লেখযোগ্য হারে পুলিশ সদস্যরা কর্মস্থলে যোগদান করছেন; যা চলমান রয়েছে। এ ছাড়া বিভিন্ন ঘটনায় লুটপাটকৃত অস্ত্র ও গোলাবারুদ সাধারণ জনগণ সেনাবাহিনীর কাছে জমা দিচ্ছে।