বিজিবির অভিযানে এপ্রিল মাসে ১৮৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ
দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত এপ্রিল ২০২৬ মাসে ১৮৩ কোটি ২০ লাখ ৫১ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্র জানায়, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৩ কেজি ৭১৩ গ্রাম স্বর্ণ, ১৫৫ গ্রাম ডায়মন্ড, ১৭ হাজার ৫১৯টি শাড়ি, ৩ হাজার ৩৮৩টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, ৫ হাজার ১১৬টি তৈরি পোশাক এবং ৪ হাজার ৫৫৩ মিটার থান কাপড়।
এছাড়া ৩ লাখ ৮১ হাজার ৪৬৪টি কসমেটিক্স সামগ্রী, ৮০০ পিস ইমিটেশন গহনা, ৩২ লাখ ১২ হাজার ৩৫টি আতশবাজি, ৩ হাজার ৭৬২ ঘনফুট কাঠ, ৩ হাজার ৭৮৭ কেজি চা পাতা, ৭ হাজার ৪১০ কেজি সুপারি, ৭ হাজার ৬২০ কেজি কয়লা, ৩ হাজার ৫৮৩ ঘনফুট পাথর এবং ১০ ঘনফুট বালু উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: পুলিশ হেডকোয়ার্টার জানালো, রংপুর কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগে হয়েছে
জব্দ করা হয়েছে ৩৩৭টি মোবাইল ফোন, ৩ হাজার ১৬৯টি মোবাইল ডিসপ্লে, ১৪ হাজার ৯৯টি মোবাইল যন্ত্রাংশ, ২৪ হাজার চিকিৎসা সরঞ্জাম, ১৬ হাজার ৫৭১টি চশমা, ৫৯ হাজার ৩৫ কেজি জিরা, ১৯ হাজার ৭৫৪ কেজি চিনি, ৮৪ হাজার ২৫৫ প্যাকেট খাদ্যসামগ্রী, ৩ হাজার ৯৫৪ কেজি রসুন এবং ৩ হাজার ৬৫৭ কেজি সার।
বিজিবি আরও জানায়, অভিযানে ৯৫৭টি গরু-মহিষ, ১২টি ট্রাক ও কাভার্ড ভ্যান, ১১টি পিকআপ, ৩টি প্রাইভেটকার ও বাস, ৪৪টি সিএনজি ও ইজিবাইক এবং ৩৭টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অভিযানে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ৬টি বিদেশি ও দেশীয় পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ হাজার ৭২৫ রাউন্ড গোলাবারুদ, ৮টি মাইন, ১টি মর্টার শেল, ২টি হাতবোমা, ২টি ককটেল এবং অন্যান্য অস্ত্র।
আরও পড়ুন: ঈদ-ই-মিলাদুন্নবী ঘিরে সারাদেশে র্যাবের নিরাপত্তা জোরদার
গত মাসে বিজিবি বিপুল পরিমাণ মাদক ও নেশাজাতীয় দ্রব্যও জব্দ করেছে। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ২৩ লাখ ১৩ হাজার ৮৭৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৪২ গ্রাম হেরোইন, ২ হাজার ৪২৩ বোতল ফেনসিডিল, ৭ হাজার ৩৫৩ বোতল বিদেশি মদ, ১ হাজার ৩৪৩ বোতল ক্যান বিয়ার এবং ১ হাজার ১৪৯ কেজি গাঁজা।
এছাড়া ১ লাখ ৭০ হাজার ৪৬ প্যাকেট বিড়ি ও সিগারেট, ১ লাখ ২২ হাজার ৯৪৫টি নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন, ১৫ হাজার ৫৯৮ বোতল সিরাপ, ৪৯ হাজার ৫৪২টি এ্যানেগ্রা ও সেনেগ্রা ট্যাবলেট এবং ২৪ লাখ ৯১ হাজার ৯০১ পিস বিভিন্ন ধরনের ওষুধ ও ট্যাবলেট জব্দ করা হয়েছে।
সীমান্তে ইয়াবাসহ বিভিন্ন মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৪৯ জন চোরাচালানিকে আটক করেছে বিজিবি। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৮৬ জন বাংলাদেশি, ২ জন ভারতীয় নাগরিক এবং ৫৪৫ জন মিয়ানমারের নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।





