পুলিশের পোশাকে ফের পরিবর্তন, গাঢ় নীল-অলিভ রঙে ফিরছে ইউনিফর্ম

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ন, ১৯ জুন ২০২৬ | আপডেট: ১১:৪২ পূর্বাহ্ন, ২০ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে আবারও পরিবর্তন এনেছে সরকার। মাঠপর্যায়ের সদস্যদের আপত্তি ও অসন্তোষের পর আগের গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সমন্বয়ে পোশাক পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সব ইউনিটের সদস্যদের জন্য খাকি রঙের ট্রাউজার বা প্যান্ট নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ সদর দপ্তর থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যা শুক্রবার (১৯ জুন) প্রকাশ্যে আসে।

আরও পড়ুন: পুলিশ হেডকোয়ার্টার জানালো, রংপুর কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগে হয়েছে

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পূর্বে নির্ধারিত আয়রন (লোহা) রঙের শার্টের পরিবর্তে জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের সদস্যদের জন্য গাঢ় নীল রঙের টিসি কাপড়ের শার্ট নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে মহানগর পুলিশের সদস্যরা পরবেন হালকা অলিভ রঙের শার্ট।

এছাড়া আগে নির্ধারিত কফি রঙের ট্রাউজারের পরিবর্তে সব ইউনিটের জন্য খাকি রঙের ট্রাউজার নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: ঈদ-ই-মিলাদুন্নবী ঘিরে সারাদেশে র‍্যাবের নিরাপত্তা জোরদার

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, আয়রন রঙের জ্যাকেট, জার্সি, কার্ডিগান ও পুলওভারের পরিবর্তে এখন থেকে গাঢ় নীল রঙের শীতবস্ত্র ব্যবহার করা হবে। তবে মহানগর পুলিশের জ্যাকেট হবে হালকা অলিভ রঙের।

নারী পুলিশ সদস্যদের পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বিশেষায়িত পুলিশ ব্যাটালিয়ন, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), সিআইডি ও র‍্যাব ছাড়া অন্যান্য ইউনিটের নারী সদস্যদের জন্য গাঢ় নীল শাড়ি ও গাঢ় নীল ব্লাউজ নির্ধারণ করা হয়েছে। মহানগর পুলিশের নারী সদস্যদের জন্য গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা অলিভ রঙের ব্লাউজ নির্ধারিত হয়েছে। হিজাব বা হেড কভারও অনুমোদিত গাঢ় নীল রঙের হতে হবে।

সংশোধিত নির্দেশনায় গ্রীষ্মকালে অর্ধহাতা এবং শীতকালে পূর্ণহাতা শার্ট পরার বিধান বহাল রাখা হয়েছে। পাশাপাশি গর্ভবতী নারী পুলিশ সদস্যরা সংশ্লিষ্ট ইউনিট প্রধানের পূর্বানুমোদন সাপেক্ষে সাধারণ পোশাক পরতে পারবেন।

এর আগে গত মে মাসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, বিদ্যমান ইউনিফর্ম নিয়ে বাহিনীর অভ্যন্তরে ও বাইরে অসন্তোষ ছিল এবং সেটি পর্যাপ্ত গ্রহণযোগ্যতা পায়নি। পুলিশ সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের ইতিহাসও সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত। ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের পর পুলিশ বাহিনীতে সংস্কারের দাবি ওঠে। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ২০ জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকার পুলিশের জন্য আয়রন রঙের নতুন ইউনিফর্ম অনুমোদন করে। ওই বছরের ২৫ নভেম্বর নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু করেন সদস্যরা।

তবে মাঠপর্যায়ে নতুন পোশাক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ইউনিফর্মটি নিয়ে ব্যাপক আলোচনা, সমালোচনা ও বিদ্রূপের কারণে অনেক সদস্য অসন্তোষ প্রকাশ করেন। পরে ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ইউনিফর্ম পরিবর্তনের বিষয়টি পুনর্বিবেচনার জন্য সরকারের কাছে আনুষ্ঠানিক আবেদন জানায়।

সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই সর্বশেষ এই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে যে রঙের ইউনিফর্ম নির্ধারণ করা হয়েছে, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়েও বাংলাদেশ পুলিশ একই ধরনের রঙের পোশাক ব্যবহার করেছিল।